Wednesday, 22 January 2025

ভালো-বাসা

 আজকে আমার এক বান্ধবীর স্টেটাসে তার নব-নব প্রেমজীবনের একটি ক্ষুদ্র বিম্ববিশেষ দেখলাম। তার প্রেমিক তার ব্যাপারে কিছু গদগদ কথা লিখেছে, আর সে সেটার স্ক্রিনশট নিয়ে পোস্ট করেছে। সেই স্টেটাসে মিলেমিশে ছিল প্রেমের নিশ্চুপ গর্ব, অধিকারবোধের ভালোলাগা, প্রথম স্পর্শের শিহরণ। মজার ব্যাপার, হয়তো খানিকটা অপ্রাসঙ্গিকও - এককালে এই বান্ধবীটিকে আমার ভীষণই ভালো লাগত, এবং তার কথা অনুযায়ী, তাকে প্রথম ‘প্রেমপত্র’-ও নাকি আমিই লিখেছিলাম। 

তার স্টেটাসটা দেখে মনটা ভারি ভালো হয়ে গেল। আজকাল সোশ্যাল মিডিয়াতে আসতে ইচ্ছে করে না। প্রতিটি পোস্টেই সবাই সর্বক্ষণ গরলোদ্গীরণ করে চলেছে। নিজেদের যাবতীয় ইনসিকিওরিটি, হীনম্মন্যতা, জীবনজগতের সমস্ত খারাপটাই শুধু সমাজমাধ্যমে উঠে আসছে। প্রবল, প্রবল তিক্ততা। সেই তিক্ততা-অসূয়া-পরশ্রীকাতরতা-হিংসা-ঘৃণার পূতিগন্ধে সমস্তকটা ইন্দ্রিয় অসাড় হয়ে যায়। সেই সঙ্গে রয়েছে মিম-রিল-’শিটপোস্টিং’-এর আড়ালে চটুল-অবান্তর-নিরর্থক রসিকতা। মানুষের রুচিবোধ, সুকুমার বৃত্তিগুলো ভোঁতা হয়ে যাচ্ছে দিন দিন - অন্তত এমনটাই মনে হয় আজকাল। 

একই সঙ্গে রয়েছে প্রেমের প্রতি তীব্র বিবমিষাবোধ। ব্যক্তিগত অভিজ্ঞতার তিক্ততার চশমাজোড়া দিয়ে জগতের সমস্ত প্রেম বিষবৎ ঠেকে মানুষের কাছে। সেইজন্যই ‘১৪ ফেব্রুয়ারি জোড়ায় দেখলেই ঢিল ছুঁড়ব’, ‘রাত জেগে মেসেজ করিস না, ও ঠিক কেটে যাবে’ শীর্ষক পোস্ট সমাজমাধ্যম ছেয়ে থাকে সর্বক্ষণ। হাহা দিয়ে ভরে থাকে সেইসব পোস্ট। সেই হাসিগুলোও বড্ড ফাঁপা শোনায়। এতো ঈর্ষা, এতো রিরংসা মানুষের মনে! সবাই সবাইকে সারাক্ষণ ঠকাবে, সবাই সারাক্ষণ সবাইকে আঘাত দেবে, পালাবে, অত্যাচার করবে, মন ভাঙবে… অনেককে এমনও বলতে শুনেছি, ‘যাকে চিনিনা-জানিনা, সে ইনস্টাগ্রামে ক্লোজড স্টোরিতে জোড়ায় জোড়ায় ছবি দিচ্ছে! বিরক্তিকর, ধরে ব্লক করে দিয়েছি!’ এতো অসহিষ্ণু আমরা? 

ঠিকই, জীবন ফুলেল বিছানা নয়। তাতে কাঁটা আছে বিস্তর। কিন্তু আমরা ভুলে যাই, কাঁটা আছে বলে, নেতিবাচকতা আছে বলেই জীবন এত সুন্দর। খারাপ বলে যদি কিছু না থাকত, ভালো মুহূর্তগুলোর আস্বাদন এতোটা সুস্বাদু হত না। বোনলেস চিলি চিকেন সুস্বাদু, কিন্তু একঘেয়ে। মাংসের হাড় চিবোনোর মধ্যেই প্রকৃত রসাস্বাদন থাকে। একঘেয়েমি থেকে আমাদের বাঁচিয়ে দেয় এই খারাপগুলো। 

এই অজস্র খারাপ-হিংসার মধ্যেই আমার বান্ধবীর করা ওই পোস্টের মতো ঘটনাগুলো বড্ড মন ভালো করে দেয়। এখনো মানুষ স্বপ্ন দেখে, প্রেমে পড়ে। ঘর বাঁধে, ভালোবাসে, ঝগড়া করে, অভিমান করে। অভিমান ভাঙায় উল্টোদিকের মানুষটা, সেটা জেনেই অভিমান করে। 

এইসব দেখলে নিজের ফেলে আসা সুখস্মৃতিগুলো মনে পড়ে যায়। প্রথম প্রেমের দিনগুলো, অজস্র অপেক্ষা, মানঅভিমান, স্বপ্ন দেখা একসঙ্গে, বোকা বোকা আচরণ, মনে থেকে যাওয়ার মতো হাস্যকর এবং অ্যাডভেঞ্চারাস কোনো কাজ, মানুষটাকে দেখার জন্য ক্লান্ত, ঘুমন্ত পায়ে অনেকটা দূর যাওয়া, তাকে দূর থেকে এক ঝলক দেখলেই অদ্ভুত প্রশান্তিতে মনটা ভরে আসা… 

সেইসমস্ত অনেক, অনেক পিছনে ফেলে রেখে এসেছি। মানুষের জীবনে প্রেম একবারই আসে, প্রেমের মতো প্রেম - যা জীবনকে দেয় মাহাত্ম্য, আর্তকে দেয় আশ্বাস, আহতকে দেয় বেদনার উপশম। আমার জীবনেও তা এসেছিল, কালের নিয়মে তা চলেও গিয়েছে। প্রেমের পূর্ণতা গোছের একটা অদ্ভুত হিসেব অনেকেই কষে - কিন্তু প্রেম মাত্রেই পূর্ণ, তার আবার কীসের পূর্ণতা? ৬ দিন হোক, কি ৬ বছর, কি ৬ জন্ম - প্রেম মাত্রেই প্রেম। ফুরিয়ে গেলে পরে সেই প্রেমেরই দরজা হাসিমুখে বন্ধ করেও দিতে হয়, দিয়েওছি তা। টুকরো স্মৃতির চন্দনকাঠের বাক্সে ঝুল পড়তে থাকে। তখনই এই সমস্ত পোস্ট চোখে পড়ে। আবার হাতড়ে হাতড়ে সেই চন্দনকাঠের বাক্স নামাই। ঝুলটুল ঝেড়ে সযত্নে রাখা স্মৃতিগুলোকে উলটেপালটে দেখি। নতুন প্রণয়ীযুগলের মধ্যে নিজেকে দেখতে পাই, নিজের ফেলে আসা সময়কে। ভালোলাগায় দ্রব হয়ে ওঠে মন। ভালো হয় যেন ওদের। সবার ভালো হোক। যারা ভালোবাসে, তাদের ভালো হোক। প্রেম মহার্ঘ্য বস্তু, তা যেন বেঁচে থাকে এভাবেই - যুগে যুগে, সময়ের প্রয়োজন অনুযায়ী নিজেকে বদলে। প্রেম আছে বলেই মানুষ আছে, এই প্রবল এবং তথাকথিত দুঃসময়ের মধ্যেও মানুষ আছে। সেই প্রেমকে দেখলে যারা দূর থেকে দাঁত কিড়মিড় করে, শাপশাপান্ত করে, নারী-পুরুষবিদ্বেষী নানা তর্ক তুলে এনে মানুষের মনকে বিষিয়ে দেয় - তাদের দেখলে করুণা হয়। বড্ড করুণা হয়। 

ভালো থাক ওরা। ভালো থাকুক ভালোবাসা। এই দমবন্ধকর সমাজে ওদের, এবং এরকম আরো অনেকের শত-শত ভালোবাসা অক্সিজেন দিতে থাকুক নিয়ত। আর হিংসুটেদের জন্য তো ইয়াব্বড় কাঁচকলা রয়েইছে! 🙂


Monday, 20 January 2025

To Presi, with Love..

 Dearest Alma Mater,

While penning this letter to you, I am already inundated by a plethora of emotions, which are likely to hold sway over my faculty of articulation. Cohesion, even though unwarranted in an informal write-up, is utterly imperative as it bespeaks perspicuity. However, as foretold, one can shun it while pouring one’s heart - some things are better left incoherent, for grey lets one delve deeper. Hence, pardon if you may, for the way I will be jotting this for you. You have always been accommodative, warm, and clement - this time too it should not be an exception, or so my expectations tell me. 

You are turning 208-year-young today. Aging like a fine wine, you have still managed to hold your head high amidst all the different kinds of debris that has been surrounding you all along this journey, ensuring your existence as the red oleander that you are. For all that, I was initially of the view that your presence must be very overbearing, intimidating. But, the more I had the privilege to explore, I realised it was never you, rather a select class of people that roam about your premises, the ones that carry your name to create an identity of their own, hitherto nonexistent. Certainly, the association with you is not merely an academic one, but also that of legacy, of history, of resistance, of the many voices that culminated into the collective consciousness that places you at an elevated altar of identity. Still, if an individual’s identity is replaced by that of you, then it is a bit problematic, and that leads to a different kind of socio-cultural intimidation, an identity elitism. Anyway, that is a lot of rant. I warned you, this is not going to be very cohesive. 

When I first stepped into the campus through that black iron-gate, which has now become a thing of yore - I felt very, very much at home. Yes, that certainly sounds very cliché, I know. But it is what it is. You did feel like home. Home, where there is comfort. But who knew that so-called would be so short-lived?

Before I could properly settle with the dynamic life that you offered, my reverie was shattered and I was stabbed with the sharp knife that reality is. The ones I considered friends, turned into foes overnight - or were they ever ‘friends’ per se? Maybe it was my naivety that I mistook amiability with friendship, smile with trust. And, as one must, I too had to pay for my naivety. I shifted the burden of blame on your shoulder and held you accountable for pushing me to my nadir. 

And then it rained. The rain of grief. Grief, that indicates the thawing of the Winter-snow of melancholia and embraces the Spring of acceptance that follows. Peace came dropping slowly, and I found myself lying on your ever-embracing comfortable lap. The quads (erstwhile basins) where I spent most of my time inside your premises, actually felt like your lap. It had that warmth, that coziness, that comfort, that motherly affection. It still has, I presume. It’s been long since I went there. I don’t think I belong there anymore. Nevertheless, that warmth of yours opened my eyes and epiphanic realisations hit me harder than my notion of reality that I knitted inside my head. 

You are not at all home. At least, to me, you are not home. Maybe to a lot of pretentious people you are, but to me, you are not home. Home is where comfort is, where peace is. And, lest one forgets, home is not just a construction of cement-sand-mortar-bricks. Such a lifeless building can never be a ‘home’. It’s always the people. It has always been like this. The people that you are surrounded with nowadays are the most toxic people one can even conceive of. Their actions, regardless of the intentions, ensure that the premises are never, never comfortable and homely for an individual. 

But, even if not home, you posed yourself as a mother to me. The suburb kid, with a head full of unrealistic expectations, was saved by you. Had you not exposed the true colours of what goes around and the so-called ‘Presidencians’, the journey of enlightenment would have been quite cumbersome. You always pushed me to waddle, but also watched my steps and carefully tagged along so that if I fell, I fell into your lap. Not sure if I should be grateful to you, or happy, or indifferent for this. Should I take you for granted, or should I thank you for your thankless role? 

Nonetheless - toast to the ‘mother’ who taught me to introspect, to alter my perspective and take things with a pinch of salt, and to keep my friends close - but enemies closer, so that they are befooled by the masquerade that I put on. The mother who taught me what 'life' really is. 

Once again, a very happy birthday to you, Presidency. It would have been quite impossible to have come this far. It really would have been. 

To infinity and beyond.

Love, 

Archisman


Saturday, 11 January 2025

৯৫-এ 'রাজনৈতিক' টিনটিন...

২০০৪ সাল। তখন আমার বয়স ঐ বছর ছয়েক। মা-ভল্টুর(মাতামহ) কল্যাণে ছোটো থেকেই বইপোকা ও বেঁড়েপাকা হওয়ার কারণে প্রতিবছরই খড়দহ বইমেলায় যেতুম। কলকাতা বইমেলা তখন একটা দূরতম দ্বীপ, তার আভাস বা নাগাল কোনোটাই এই মফস্বলে সেভাবে সাড়া জাগাতো না। চাকরিবাকরি এবং সংসার সামলে মা-বাবার পক্ষেও নিয়ে যাওয়া হয়ে উঠতো না। ফলে, খড়দহ বইমেলাই সই। এবং, সত্যি বলতে, খড়দহ বইমেলা তখন এখনকার মতো গেঁজে যায়নি, এবং বইমেলার মলাটের ভিতর খাদ্যসংস্কৃতি মেলা হয়েও ওঠেনি। তাই দুধের স্বাদ ঘোল বা পিটুলি গোলা জল নয়, অন্তত মিল্ক পাউডারে পুষিয়ে নিতে পারতাম দিব্য। 

২০০৪ সালেই সেই বইমেলাতেই প্রথম কিনে ফেলেছিলাম 'কাঁকড়া রহস্য'। কে টিনটিন, কেন টিনটিন - তার বিশেষ ধারণা ছিল না। শুধু চরিত্রগুলোর নাম কোনোভাবে জানতাম, সম্ভবত ফেলুদা পড়েই (সোনার কেল্লা - টুনটুনির নয়, টিনটিনের বই, টিনটিন ইন টিবেট ইত্যাদি দ্রষ্টব্য)। তখনও বাংলা গ্রাফিক নভেলের সেরকম রমরমা হয়নি। ফলে সাধারণ বাঁধাই, সাধারণতম কাগজেই সেই বই কেনবার সৌভাগ্য হয়েছিল। অ্যাসিড-ফ্রি পেপার জিনিসটা তখনো বাংলাবাজারে আসতে ঢের দেরি। স্মৃতি খুব বিশ্বাসঘাতকতা যদি না করে, তবে সেই টিনটিনটির দাম পড়েছিল ৭৫ টাকা। এখনকার হিসেবে কিছুই না, কিন্তু ২০০৪ সালের হিসেবেও সেটি বেশ মহার্ঘ্যই ছিল। কিন্তু আমাকে বই কিনে দিতে, বইয়ে দিতে আমার মা-বাবা-ভল্টু কোনোদিনই কার্পণ্য করেনি। ৫০ টাকার নিরর্থক খেলনা চেয়ে পাইনি, কিন্তু ৫০০ টাকার বই এককথায় কিনে দিয়েছে - এমন ঘটনা যে কতো হয়েছে, গুনে শেষ করতে পারব না। 

'কাঁকড়া রহস্য' সেই রাতেই উদঘাটন করে ফেলেছিলাম। নারায়ণ দেবনাথ অবধি তখন কমিকসের দৌড় আমার, সেখানে ওরকম একটা অন্য ধাঁচের জিনিস পড়ে রীতিমতো চমকে গিয়েছিলুম। একবার পড়েই ক্ষান্ত হইনি - বারবার, বহুবার করে পড়ে ফেলেছিলাম বইটা। মলাট ইত্যাদি আমার পড়ার চাপে খুলেও এসেছিল রীতিমতো। রীতিমতো মজে থাকতাম কারাবুজানের রহস্যে। মজার ব্যাপার, ক্যাপ্টেন হ্যাডকেরও আবির্ভাব সেই কাঁকড়া রহস্যেই। বালুখাঁড়ির আড়ালে লুকিয়ে থাকা অবস্থায় মদের বোতলে গুলি এসে ভেঙে যাওয়ায় একটা লোক ফাঁকা রাইফেল উঁচিয়ে কীভাবে 'বেবুন শুয়োর গণ্ডার জলহস্তী গেঁড়িগুগলির ঝাঁক' বলে একদল সশস্ত্র আরবকে তাড়া করে ভাগিয়ে দিয়ে নিজের মাথায় নিজেই রাইফেলের বাঁট মেরে অজ্ঞান হয়ে যাচ্ছে - কাঁচা বয়সে সেই অভূতপূর্ব গ্রাফিক বিবরণের যে কী প্রভাব, তা লিখে বোঝানো অসম্ভব। ওই রসে যাঁরা সিক্ত হয়েছেন, তাঁরাই বুঝবেন সে কী অপূর্ব জিনিস। 

তারপরে টিনটিনের সঙ্গে বেশ বহু বছরই যোগাযোগ হয়নি। কাঁকড়া রহস্যটা মাঝে মাঝেই পড়েছি যদিও, তবে একটা সময়ের পরে সম্পৃক্ত হয়ে যায় সবকিছুই। ফলে টিনটিনপ্রীতি বেশ কমেই গিয়েছিল।

টিনটিনকে আবার নতুন করে আবিষ্কার করি মাধ্যমিকের পর। ২০১৪ সালে। পাক্কা দশ বছর কেটে গিয়েছে প্রথম টিনটিন কেনার পর। তখন বাংলা গ্রাফিক নভেলের উন্নতি হয়েছে, নীরেন্দ্রনাথ চক্কোত্তি অনূদিত টিনটিন আনন্দ পাবলিশার্সের অন্যতম বিক্রীত পণ্য হয়ে উঠেছে। অ্যাসিড ফ্রি কাগজ দিয়ে, ভালো মানের মলাট এবং বাঁধাই করে তখন তার দাম শ'দুয়েকেরও উপরে। ফলে, প্রথমেই বই না কিনে অনৈতিক পথের রাস্তা নিলাম - অর্থাৎ পিডিএফ। সহজেই ২৫টা টিনটিনের বাংলা অনুবাদের পিডিএফ পেয়ে গেলাম। একদম সোভিয়েত থেকে সেই শুরু, বর্ণশিল্প রহস্যে এসে শ্বাস ফেলতে পারলাম। সে যে কী অদ্ভুত নেশা, তা কেমন করে বোঝাই? তখন সবকিছুই টিনটিনের আলোতে দেখছি। দু'কামরার ফ্ল্যাট হয়ে গিয়েছে মার্লিনস্পাইক, শ্রদ্ধেয় হেডমাস্টারমশাইকে দেখে মনে হচ্ছে রাস্টাপপুলাস, ফিজিক্সের একজন স্যার তো একেবারেই প্রফেসর ক্যালকুলাস - তবে স্বভাবের দিক থেকে না যদিও, ঠাকুমাদের ফ্ল্যাটের নিচে একটা সাদা বেড়াল তখন আমার কাছে কুট্টুস (সাদা কুকুর খুঁজে না পাওয়ায় রেসিস্ট আমি রেজিস্ট করতে না পেরে সাদা বেড়াল ধরে এনেছিলাম), আমাদের হেলথ ইনশিওরেন্স করা কাকুটা জলিয়ন ওয়াগ, পাড়ায় সাইকেল ভ্যানে করে হরেক মাল বিক্কিরি করতে আসা কাকুটা অলিভিয়ের দি ফিগুয়েরা - এরকম আরো কত! 

কিছুদিন পর থেকে টিনটিন সম্বন্ধে হয়ে গেলুম সম্পূর্ণ অবসেসড। বাংলাটা তো গিলে এবং গুলে খাওয়া ছিলোই, ইংরেজিটাও পড়ে ফেললাম পর পর। এগমন্ট থেকে বেরোনো লেসলি লন্সডেল-কুপার আর মাইকেল টার্নারের সেই অনবদ্য অনুবাদ আসল ভাষায় টিনটিন পড়তে না পারার দুঃখ একেবারেই পুষিয়ে দেয়। অনেকটাই যদিও পুষিয়ে দিয়েছিলেন নীরেন্দ্রনাথ, বাকিটা ইংরেজিতে পড়ে একেবারেই কেটে যায়। টিনটিন-ট্রিভিয়া বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে থাকি। টিনটিনের ক্যুইজ-ট্যুইজও করিয়েছি সেইসময়ে। 

এই ট্রিভিয়া সংগ্রহ করতে গিয়েই কিছু জিনিস জানতে পারি, যা পরবর্তীতে  আরো ভালোভাবে বোধগম্য হতে থাকে। টিনটিনের মতো রাজনৈতিক কমিকস যে খুব কমই আছে, সেই ব্যাপারটা বোঝার মতো চেতনা মাধ্যমিক-পরবর্তী সময়ে অন্তত হয়নি। সোভিয়েত দেশে বলশেভিকদের ক্রিয়াকলাপ, বেলজিয়ান উপনিবেশ কঙ্গোতে টিনটিনের 'পদার্পণ', অ্যাপারথেইড এবং নির্বিচারে প্রাণীহত্যা, মিশনারি স্কুলে পড়াতে গিয়ে ব্ল্যাকবোর্ডে লেখা 'বেলজিয়াম ইজ আওয়ার ফাদারল্যান্ড', ১৯২৯-এর গ্রেট ডিপ্রেশন পরবর্তী আমেরিকাতে মাফিয়ারাজ, আল কাপোনের মতো মাফিয়া গ্যাংলর্ডের চরিত্রকে তুলে ধরা (প্রসঙ্গত, কাপোনই একমাত্র বাস্তব চরিত্র, যাঁকে টিনটিনের পাতায় দেখা যায় - বাকি বহু চরিত্র বাস্তব চরিত্রের আদলে হলেও, নামসহ বাস্তব উপস্থিতি দেখা যায় না), মার্কিন ক্যাপিটালিজমের একটা অন্যরকম উপস্থাপনা, রেড ইন্ডিয়ান-সহ আমেরিকান উপজাতিদের প্রতি ব্যবহার, 'ব্লু লোটাস'-এ মাকডেন ঘটনার মধ্যে দিয়ে সাম্রাজ্যবাদী জাপানের আগ্রাসী নীতিতে চিনের মাঞ্চুরিয়া দখল-এর খণ্ডচিত্র, বা পিকারোদের সঙ্গে মিলে জেনারেল টাপিওকাকে অ্যাবডিকেট করানোর মধ্যে ফরাসি কমিউনিস্ট অ্যাক্টিভিস্ট রেজি দেব্রের শে গেভারার সঙ্গে মিলে কাজ করা বা চিলিতে সালভাদোর আলেন্দের সরকার প্রতিষ্ঠা করার মিল - এরকম লিখতে থাকলে অনেক কিছু লেখা যায়। অনেকেই সেই নিয়ে বিস্তর কালিকলম খরচা করেছেন, আমি নতুন কিছু যোগ করব না। 

টিনটিন আমাদের কাছে সম্ভবত এইজন্যই প্রিয়, কারণ টিনটিন বাস্তব। বাস্তব, কারণ রাজনৈতিক। রাজনৈতিক, কারণ ব্যক্তিগত এবং বিশ্ব - দুরকম সমস্যাই তাতে উঠে এসেছে। অ্যার্জেকে কেউ পলিটিকালি কারেক্ট বলবেন, সেটা বোধহয় নয়। শিল্পীর দায় থাকেও না। তবুও, অ্যার্জে সাহস করে তুলে ধরেছিলেন সমকালীন রাজনীতিকে, তাঁর আত্মবীক্ষা ও বিশ্ববীক্ষাকে। রাজনীতি সবকিছুই, কিন্তু রাজনীতির দ্বন্দ্বের আলো যেসকল শিল্পে এসে পড়েছে, সেইসকল শিল্পই কালের গণ্ডি পেরোতে সক্ষম হয়েছে। আজকে আবোলতাবোল বা হযবরল আমাদের প্রিয়, কারণ তা রাজনৈতিক। ব্যোমকেশ প্রিয়, কারণ তা রাজনৈতিক। অ্যাসটেরিক্স প্রিয়, কারণ তা রাজনৈতিক। রাজনীতি মানেই যে শুধু দলাদলি বা ভোটাভুটি - তা তো নয়; আরব বা আদিবাসী বা অশ্বেতাঙ্গদের সাধারণীকরণও রাজনীতি, টাপিওকা-আলকাজারের গৃহযুদ্ধ বা বর্দুরিয়ার অত্যাচারী কুর্ভি-তাশ সরকারের স্বৈরাচারও রাজনীতি। 'টিনটিন ইন সোভিয়েত'-এ বলশেভিকদের হাত থেকে পাঁউরুটি ছিনিয়ে একটা গরিব বাচ্চাকে দেওয়া - তাকে পাঁউরুটি না দেওয়ার কারণ এই, যে সে বলেছে সে কমিউনিস্ট নয় - সেটাও রাজনীতি। আমরা যতই কমফর্ট জোনে বসে থাকি না কেন, সভ্যতার শুরু থেকেই আমাদের মধ্যে রাজনীতিবোধ অত্যন্ত গভীরে প্রোথিত। অ্যাপলিটিকাল ধুয়ো তুলে বড়োজোর দায় এড়াতে পারি, কিন্তু শিশু-কিশোররাও যে সাহিত্য পছন্দ করছে, যে শিল্প উপভোগ করছে, তার মধ্যে রাজনীতি পরতে পরতে লুকিয়ে - এটা কীভাবে জাস্টিফাই করব?

টিনটিন অত্যন্ত, মানে অত্যন্তই পলিটিকাল। আর, সেই জন্যই, ৯৫ বছর পেরিয়েও চিরতরুণ টিনটিনকে আমরা ভুলতে পারিনা। টিনটিনের মধ্যে থেকে রাজনীতিটাকে ফেলে দিয়ে যাঁরা নেহাতই শিশুপাঠ্য কমিক্স হিসেবে পড়তেদেখতে চান, তাঁদের প্রতি সমবেদনা রইলো। 

শুভ জন্মদিন, ছোটোবেলার হিরো! 🙂




Tuesday, 24 December 2024

বড়ো দিন

বড়োদিন। দিনের কি আর বড়ো ছোটো আছে রে পাগল? এ দিন দীন বা বড়োলোক কোনোটাই না। কিন্তু, এই দিন-ই-ইলাহীতে এলাহী ব্যবস্থা হয়। স্বয়ং যীশুখ্রিস্টের হ্যাপিবাড্ডে বলে কথা! তার জন্মের সময়ে তিন বৃদ্ধ জ্ঞানী মানুষ উড়ে এসে ধূপচন্দন দিয়ে গেছিলো, যাদের ছোটোবেলায় মাগী বলতাম - যদিও পুরুষমানুষ কীভাবে মাগী হবে, এই ব্যাপারটা সাল্টে উঠতে পারতাম না (তখনও জেন্ডার নিয়ে ধারণা গড়ে ওঠেনি, woke বলতে ঘুম থেকেই জাগা বুঝতাম)। পরে যখন এক ইঞ্জিরিশিক্ষিত বন্ধু বুঝিয়ে দেয় যে ওটা ম্যাজাই, তখন মানবইতিহাসের এক অবোধ্য রহস্যের দ্বার চোখের সামনে উদঘাটিত হয়ে যায়। 

আমরা যারা কনভেন্টলালিত ও কলোনিপালিত নই, তাদের কাছেও বড়োদিন আর পাঁচটা দিনের থেকে অনেকটাই আলাদা ছিলো। যাদের কপাল এবং বাবা-মা ভালো ছিলো, তারা সান্তাক্লজের গিফট পেতো, এবং যাদের বাবা-মা এবং কপাল ভালো ছিলো না, তারা পেতো আমাদের সমবেদনা। এই সান্তাক্লজ আমার কাছে বিশ্বের ত্রয়োদশ আশ্চর্যের মধ্যে ছিলো। কাবুলিওয়ালা আফগান রহমতের এই কমিউনিস্ট ভাইয়ের ঝোলায় হাঁথির পাশাপাশি এতো কিছু কীভাবে যে ধরতো, যেটা নিয়ে সে বিশ্বময় শিশুর চাহিদা পূরণ করতে বেরোয় 'নিয়ে ঝোলা চললো ভোলা' গাইতে গাইতে, সেটা কোনোদিন বুঝিনি। তবে আমার দৃঢ় ধারণা ছিলো, সান্তাক্লজ বাংলা বোঝেনা। একবার চেয়েছিলাম রিমোট কন্ট্রোল ট্রেন, পেয়েছিলাম পথের পাঁচালী। আরেকবার চেয়েছিলাম টিনটিনের বই, পেয়েছিলাম শঙ্কু সমগ্র। দুবারই দেখেছিলাম, বইয়ের মধ্যে খড়দহ বইমেলার বিল। ভেবেছিলাম, সান্তা নিশ্চয়ই বইমেলায় স্টলগুলো বন্ধ হওয়ার আগে হাতের সামনে যা পায়, খাবলা মেরে তুলে নেয়। খারাপই লাগতো। একা একা একটা লোক, সন্ধে থেকে বিশ্বজুড়ে বাজারহাট করতে বেরোয়, এবং এদিকসেদিক হয়ে যায়। হয়তো কোনো জন্মান্ধ শিশুকে রঙিন গগলস গিফট করেছে, বা বধির কোনো শিশুকে নতুন ইয়ারফোন দিয়েছে, এমন ঘটনাও নিশ্চয়ই ঘটে। লাল কাবুলিওয়ালার প্রতি আমার মন মিনি-সম ম্যাক্সি সহানুভূতিতে পরিপূর্ণ হয়ে যেতো। আহারে, একটা লোক খান সাতেক বল্গা হরিণকে চাবকাতে চাবকাতে ঘণ্টা বাজাতে বাজাতে ভুঁড়ি নিয়ে চিমনি বেয়ে নেমে এসে (বাঙালি ঘরে কীভাবে আসে, খোদায় মালুম) গন্ধমোজার পাশে গিফট রেখে যায় অন্ধকারে। কী খাটনি ভাই। তাকে গালাগাল দিয়ে লাভ আছে?

কিন্তু, এমনও একদিন এলো, যেদিন খোঁখা সোসুরবাড়ির মানে বুঝে গেলো, ফলে সান্টা তখন কাবুলিওয়ালা থেকে ডিমোটেড হয়ে গেলো। কিন্তু তবুও, বড়োদিনের আনন্দ কোনোদিনই তেমন মাটি হয়নি। বড়োদিন মানেই রিচুয়াল ছিলো, ভল্টু (আমার মা'র বাবা) কেক আর কমলালেবু নিয়ে সকাল সকাল এসে বেল বাজাবে। খুবই আনন্দে কাটতো সারাদিন - পড়াশুনো তো নেইই, বরং তাধিন তাধিন করে দিনটা কাটানো যাবে। বিকেল বিকেল বেরিয়ে পড়তাম ভল্টুর সঙ্গে, স্কুলের বন্ধুদের জন্য গ্রিটিংস কার্ড কিনতে। আট আনা থেকে একটাকার যে অত্যন্ত প্যাতপ্যাতে, দেড় বাই দুই ইঞ্চির যে কার্ডগুলো, সেগুলো থাকতো সাধারণ বন্ধুদের জন্য। ৫-১০ টাকারগুলো থাকতো বেঞ্চের সদস্যদের জন্য। আর কুড়ি কি তিরিশ টাকার যে কার্ডগুলো, বেশ বড়োসড়ো, খুললে পরে কেক গাড়ি টেডি বেড়াল কুকুর হাতি কেল্লা ইত্যাদির ত্রিমাত্রিক জেল্লা দেওয়া কার্ডগুলো ছিলো বেস্ট ফ্রেন্ড যে, তার জন্য। আবার যদি হিসেবের বাইরের কেউ কার্ড দিতো, তার জন্য আবার গিয়ে কার্ড কিনতে হতো, সে যে দামের দিয়েছে, সেই দামের অনুপাতে। সম্পর্কের উপর ভিত্তি করে কার্ডের দামের অর্থনীতি সেই বালক, বা না-বালক বেলাতেই দিব্য বুঝে গিয়েছিলাম।

আমাদের মফস্বলের বড়োদিন আসলে এরকমই ছিলো কমবেশি। খৃষ্টে আর কৃষ্টে তফাত আছে কি নেই, এই নিয়ে চুলোচুলিও হয়নি কোনোদিন। আবার, বিশ্বায়নের জোয়ারে ভেসে গেলেও হুজুগে মাতিনি কেউ কোনোদিন। পার্ক স্ট্রিটে না এতো ভিড় হতো (যদিও লোকজনের জীবনে তখনো পুলক ছিলো, এখনকার মতো না হলেও), না 'যীশুখ্রিস্টের জন্মদিন কি পার্কস্ট্রিটে?' বলে অত্যন্ত উচ্চস্তরের হিউমার দেখানোর চল ছিলো। পার্কস্ট্রিটের ঝলমলে আলো, সাহেবিয়ানা, ক্রিসমাসের সাজ, অ্যালেন পার্কের সামনের ক্রিসমাস ট্রি - এগুলো সবই কেমন একটা অধরা স্বপ্নের মতো অপাপবিদ্ধ ছিলো, প্রত্যাশার আলোয় ভাস্বর। বড়োদিন মানে আমাদের কাছে ছিলো কাউন্টডাউন - নতুন বছর, স্কুলে ফেরত যাওয়া, আবার গল্প-খেলাধুলো, আবার পড়াশুনো শুরু - মার্চেই অ্যানুয়াল (তখন অদ্ভুত একটা সাইকেল ছিলো)। বড়োদিনের কেক ছিলো, কমলালেবু ছিলো, সান্তা ছিলো, নির্মল আনন্দ ছিলো - আর আমার কাছে আমার ভল্টু ছিলো। 

ভল্টু চলে গেছে অনেকদিন হলো। টেবিলে এখনো কেক আর কমলালেবু রাখা কালকের জলখাবারের জন্য। কিন্তু জানি না কেন, কেক আর কমলালেবু আর আগের মতো মিষ্টি লাগে না। কার্ড কিনতে হয় না - দেবো কাকে? রাতে বিছানায় শুয়ে ঘাপটি মেরে 'এই সান্তা এলো, দেখবো কেমন দেখতে' - ও করতে হয় না। সারপ্রাইজের আনন্দ অনেকদিন আগেই মুছে গেছে। মানুষের তো আর মৃত্যু হয় না, হয় ইনোসেন্সের; বাকি জীবনটা পরিপক্কতার সঙ্গে দ্বন্দ্ব লড়ে যাওয়া কেবল। আসলে, জীবনটাও এই বড়োদিনের মতোই। যতো বয়েস বাড়ে, ততো তার জৌলুস কমতে থাকে। তবুও কোথাও গিয়ে হলেও আমরা অপেক্ষা করে থাকি, যদি ঝুমঝুমি বাজিয়ে এক সাদাদাড়ি বুড়ো এসে এক মুঠো আনন্দ রেখে যায় মোজার ভিতরে। আমেন।




Monday, 2 December 2024

'যাক, যা গেছে তা যাক...'

 এখনকার ছেলেমেয়েদের (ব্যতিক্রম বাদে) গানের টেস্ট দেখলে কষ্ট হয়। ভাবলে হতাশ লাগে, এরা অখিলবন্ধু শোনে না, জটিলেশ্বর শোনে না, মানবেন্দ্র শোনে না, শ্যামল মিত্র শোনে না। মান্না দে, সুবীর সেন, হেমন্ত কিচ্ছু না। বড্ড হিসেবি এই জেনারেশন। এরা প্রেমে পড়ে না, প্রেম করে। 


এরা বলে না, 'সে আমার মনের মানুষ বলে, মরেছি অনেক জ্বালায় জ্বলে...'। এরা 'শুরু হল কবে, এতো চাওয়া-পাওয়া/একই অনুভবে, একই গান গাওয়া'-র আশ্লেষে ভাসে না আর। এরা প্রেমে পড়ে চিঠি লেখে না, 'এমন মাধবী রাতে আমায় যে মালা তুমি পরালে, যে মাধুরী দিয়ে মোর শূন্য জীবন তুমি ভরালে...'। এরা অঙ্ক কষে ভালোবাসে। তুমি দাও, আমিও দেব। তুমি করো, আমিও করব। প্রথম দেখার উদ্বেলতায় ওরা গেয়ে ওঠে না, 'ও কেন তখন উড়িয়ে আঁচল বিনা কাজে সামনে এল? দেখে তো আমি মুগ্ধ হবোই, আমি তো মানুষ!' মিলনাকাঙ্ক্ষায় এদের মাথায় খেলা করে যায় না 'ঝরনা কেমনে হয় নদী, সাগর না ডাকে কাছে যদি?'


ভালোলাগার মানুষটার উল্টোদিকে বসে কারোর আর 'না-বলা কথায় থরথর অধর কাঁপা..'-র অনুভূতি হয় না। কাছের মানুষটাকেই পেয়ে কেউ আর 'এই জীবনে যে-কটি দিন পাব, তোমায়-আমায় হেসেখেলে কাটিয়ে যাব দোঁহে, স্বপ্নমধুর মোহে'-র আকাঙ্ক্ষা করে না। এরা 'ক্রাশ' খায়, অথচ কেউ 'কী নামে ডেকে বলব তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে' বলে না। এদের 'হার্টব্রেক' এবং 'ক্লোজার' হয়, কিন্তু 'ওই পথ দিয়ে বধূবেশে সেজে যেদিন গেল সে হারিয়ে, সেদিন আমার সজল হৃদয় দুপায়ে গিয়েছে মাড়িয়ে - যাক, যা গেছে তা যাক...' হয় না।


এদের অভিমানও হয়না। এদের অধিকাংশই যন্ত্রবৎ, যুক্তির ইঁট দিয়ে তৈরি। কেউ এরা বলে না, 'যখনই আসবে সে, তখনই যেতে হবে - আমি কি এমনতরো ফ্যালনা?'। বা, অভিমানে গেয়ে ওঠে না, 'ও রূপের মিথ্যে গরব অমন যদি বিরূপ থাকে, ও গুণের কী দাম বলো লাজেই যদি আগুন ঢাকে..'।  বলে না, 'এত সুর আর এত গান, যদি কোনোদিন থেমে যায়, সেইদিন তুমিও তো ওগো, জানি ভুলে যাবে যে আমায়...'। এরা বড্ড কাঠকাঠ।


এই সব গান আস্তে আস্তে হারিয়ে যাবে। যাচ্ছেও। কালকেই যেমন জানলাম, একটি বিশেষ খ্যাতনামা কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের কেউ 'তখন তোমার ২১ বছর বোধহয়' গানটা শোনেনি। এভাবেই আস্তে আস্তে হারাচ্ছে বাংলা গানের স্বর্ণযুগ, যেভাবে হারিয়ে যাচ্ছে প্রেম। হারিয়ে গিয়েছে প্রেম। হারিয়ে গিয়েছে ভালোবাসা, আবেগ, প্রেমে 'পড়া', একজনের প্রতিই অনুরক্ত থাকা। 'ভালোবাসায় শরীর আসা' বদলে গিয়েছে 'শরীরী ভালোবাসায়'। 


এভাবেই হারিয়ে যায় সময়। মরে যায় সময়। মৃত্যু হয় ইনোসেন্সের। আবেগের। মাথাচাড়া দিয়ে ওঠে কঠোরকঠিন যুক্তি। 


'যাক, যা গেছে তা যাক...' :)

Sunday, 24 November 2024

বিদায়, পত্রাবলী...

ভার্চুয়াল চিঠি নিয়ে কদিন বেশ মেতে থাকা গেল যা-হোক। কিছু ভালো অভিজ্ঞতার পাশাপাশি, খারাপ লাগার রেশটুকুও রইলো।


আমাকে যাঁরা একটু হলেও চেনেন, তাঁরা জানেন চিঠি জিনিসটা আমার কতটা প্রাণের। আমি মনে করি, চিঠির থেকে সৎ, আপন এবং হৃদয়াবেত্তাসম্পন্ন লেখা আর কিচ্ছুটি হতে পারে না। যে আবেগানুভূতিকে 'ম্যাচিওর' মানুষজন ব্রাত্য করে রাখেন - মানে, ফেসবুক পোস্টে প্রবল আবেগ দেখান এবং ব্যক্তিগত স্তরে সেই আবেগকে নিয়ে ঠাট্টা-ইয়ার্কি মারেন - সেই আবেগানুভূতিকে সবথেকে স্পষ্ট, সহজ, সরল, রাখঢাকহীনভাবে কেউ যদি তুলে ধরতে পারে, তবে তা হল চিঠি। তার মধ্যে ভান নেই, কোনো লুকোচুরি নেই, নিজেকে মেলে ধরতে কোনো বাধা নেই। চিঠি একটা মানুষের মনকে যেভাবে তুলে ধরে, তা অত্যন্তই বেনজির - যেজন্য, আমরা কোনো মানুষকে জানতে গেলে, বিশেষ করে বিখ্যাত মানুষদের - চিঠি বা ডায়রির শরণাপন্ন হই।


এইজন্যই, বরাবর আমি চিঠি লিখতে ভালোবাসি। প্রথম চিঠি লিখেছিলাম একটি মেয়েকে, যাকে আমার পছন্দ ছিল। তখন পড়ি লোয়ার কেজিতে। মেয়েটি আমাদের ফ্ল্যাটেই থাকতো আর আমার সঙ্গে স্কুলে পড়ত। সম্ভবত এক ক্লাস উঁচুতে পড়ত সে। হারিয়ে-যাওয়া মামাবাড়ির বারান্দায় এক শীতের দুপুরে বসে বসে তাকে ৫ পাতার একটা চিঠি লিখেছিলাম, যাতে 'তোমাকে না দেখলে আমার খুব মন খারাপ করে, তুমি স্কুলে রোজ আসো না কেন, তোমার ওই লাল রিবন দিয়ে বাঁধা বেণী আমার খুব ভালো লাগে, তুমি চাঁদের মতো স্নিগ্ধ' ইত্যাদি লিখেছিলাম। কচি বয়েস থেকেই সুমন-মান্না শুনে গাছপাকা আমি চিঠিতে গানের লাইনটাইনও দিয়েছিলাম বিস্তর। সবই ভালো, কিন্তু সেই চিঠি তাকে আর সাহস করে দিয়ে উঠতে পারিনি। ব্যাপারটা মনে পড়লে এখন বেশ হাসিই পায়, তার মধ্যে আবার সামনের মাসে তার বিয়ে।


ভালোবাসলে চিঠি লেখা ব্যাপারটা সেই তবে থেকে আমার সঙ্গে অদ্ভুতভাবে জুড়ে গিয়েছে। কিন্তু, অদ্ভুতভাবেই - সেই অনুভূতিগুলো কোনোদিন ফিরে আসেনি আমার কাছে। কোনোদিন বললে হয়তো মিথ্যে হবে যদিও। অধিকাংশ ক্ষেত্রেই সেই অনুভূতিগুলোকে দেখেছি খোলা বাজারে বিকিয়ে যেতে। ভালোবেসে চিঠি লিখে উত্তর না পাওয়ায় যত না কষ্ট হত, তার থেকে বেশি খারাপ লাগতো সেই চিঠিগুলো নিয়ে উদ্দিষ্ট ব্যক্তির পরিচিতরা ঠাট্টা-তামাশা করছে। আবেগ, যা কিনা একান্তই আপন, সেই ধবধবে শ্বেতশুভ্র আবেগকে কুৎসিত তামাশার কালিঝুলি মেখে রাস্তায় পড়ে থাকতে দেখতাম।


তাও, হাল ছাড়িনি। লিখে ফেলতাম চিঠি। ভালোবাসলে চিঠির থেকে দামি আর কিছু হতে পারে, এমনটা মনে হয়নি কোনোদিন।


আমার প্রাক্তন প্রেমিকা আমাকে প্রথম প্রথম দুয়েকটা চিঠি লিখেছিল। তারপরে আস্তে আস্তে দূরত্ব বাড়ে। একটা চিঠির থেকে আরেকটা চিঠির দূরত্ব বাড়তে থাকে, বাড়তে বাড়তে চিঠিগুলো হারিয়ে যায়। আমি তবুও লিখতাম। থামাইনি। কখনো পড়ত সে, কখনো না। বেশিরভাগ সময়েই একটা 'তুই কী সুন্দর লিখিস!' মার্কা স্টক উত্তর তার ঠোঁটের গোড়ায় লেগেই থাকত। অথচ, আমি আমার লেখার প্রশংসা শুনতে চাইতাম না। চাইতাম, সে যেন পড়ে। আমাকে স্তোক দিতে নয়, ভালোবেসে। সেটার উত্তর লেখে। চিঠির উত্তর দেওয়া কি খুবই কঠিন? হয়তো নয়। কিন্তু, মনকেও সায় দিতে হয়। চিঠির উত্তর অঙ্ক নয়, যে জোর করলেই মিলবে।


তাকে শেষ চিঠিটা লিখেছিলাম গত বছর ডুয়ার্সে বেড়াতে গিয়ে। চিলাপাতার জঙ্গলে বসে ঝিঁঝিঁর ডাক শুনতে শুনতে, এক মনকেমন করা সন্ধেতে, অখিলবন্ধু শুনতে শুনতে তাকে চিঠি লিখেছিলাম।


সে পড়েনি। 'অত বড়ো চিঠি পড়তে ভাল্লাগছে না। পরে দেখা যাবে।'


পড়েনি আর সে। জানতাম, পড়বে না। আমিও অনুরোধ-উপরোধের পথ বহুদিন হলো হাঁটা বন্ধ করে দিয়েছিলাম, শান্তির জন্য।


শান্তি। কত ছোটো শব্দ, কিন্তু কী প্রবল প্রভাব তার। সারাটা জীবন, আমরা শুধু পাগলের মতো শান্তি খুঁজে চলি। পাই না কেউই। যে কোনো কিছুর বিনিময়ে আমরা শুধু শান্তি কিনতে চাই দুমুঠো, কিন্তু পাই না। সেই দাম চুকিয়ে দেওয়ার মতো ঋদ্ধ হতে পারিনা আমরা।


সে ছেড়ে যাওয়ার পরে নিজের মতো করেই একের পর এক না-পাঠানো চিঠি লিখে যেতাম। আমি নিজের চিঠিগুলোর অধিকাংশই কাউকে উদ্দেশ্য না করে লিখে যেতাম আগেও - 'ঠিকানাবিহীন চিঠি' নামে। সেরকমই লিখে যাচ্ছিলাম।


তখনই, ভালো লাগল একজনকে। যা হয়। একটা শূন্যতা ভরাট করতে গিয়ে ভালো লেগে যাওয়া। তাকেও পরের পর চিঠি লিখে গেছি। নিরর্থক। সে তার মতোই, দিব্যি চলে গিয়েছে। 'সময়েই যে যাওয়ার যায়, মেনে নিতে শিখেছি বিদায়...' সুমন লিখেছিলেন।


তারপরেও, তারপরেও ভালোবেসেছি। চিঠি লিখেছি। অপমানিতও হয়েছি। শুধু ভালোবেসে যে এতটা অপমানিত হওয়া যায়, তা জানা ছিল না। বন্ধুদেরকেও চিঠি লিখেছি। তারাও, দুয়েকজন বাদে, কেজো-কেঠো উত্তর দিয়েছে। কিন্তু, যাদের থেকে পাওয়ার ছিল, তারা কেউ ফিরিয়ে দেয়নি। সত্যিই, চিঠি লেখা বড্ড কঠিন। অনেক সময় লাগে। অনেক কষ্টস্বীকার। আবেগ-টাবেগের মতো ছেঁদো জিনিস মানায় না। আমার বয়সোপযোগীও নয়, পেশাপযোগী তো আরোই নয়।


একটা সময়ে হাল ছাড়তেই হয়। হার মেনে নিতে হয়। এগিয়ে যেতে হয়। নিয়েছি। চিঠি লেখা বন্ধ করে দিয়েছি। আমার ভালোবাসার চিঠিলেখাকে যত্ন করে চুল্লিতে ঢুকিয়ে দিয়েছি। নেড়েঘেঁটে তার নাভি নিয়ে ভাসিয়ে দিয়েছি গঙ্গায়।


ভালো থাক চিঠিরা। যে চিঠিগুলো কোনোদিন ঠিকানা পেল না, ভালোবাসা পেল না, উত্তর পেল না, প্রত্যুত্তর পেল না - তারা সবাই ভালো থাকুক। আমি না লিখলে যদি তারা ভালো থাকে, তবে তাই সই। 



জীবনে তো কত কিছুই ছাড়তে হয়। না হয়, নিজের সবথেকে আপন চিঠি লেখাটাই ছাড়লাম! অপমানের থেকে, অবহেলার থেকে, উপেক্ষার থেকে, তাচ্ছিল্যের থেকে তা অনেক ভালো।



তাই এই কদিন একটু এই চিঠি-নামের খেলনা চিরকুটে, বেনামী খেলায় মেতে ছিলাম। তার পালা মিটল। ধন্যবাদ, যাঁরা আমাকে লিখেছেন। যাঁরা লেখেননি, তাদেরও ধন্যবাদ। যাদের চিঠির আর উত্তর দেওয়া হবে না, তাদের কাছে দুঃখিত। তবে, কথা হবে, গল্প হবে। 


বিদায়, পত্রাবলী। :)  


Sunday, 17 November 2024

ভেন্ডারকথন

 রমাপদ চৌধুরী তাঁর স্মৃতিকথা 'হারানো খাতা'-য় লিখেছিলেন, ভারতে রেলব্যবস্থার পত্তন কীভাবে পরোক্ষভাবে জাতীয়তাবাদী সত্তাকে জাগিয়ে তুলেছিল - ফার্স্ট ক্লাসের কামরা ইউরোপীয় সাহেবদের, সেকেন্ড ক্লাসের কামরা মোটামুটি বড়োলোকদের, আর সাধারণদের জন্য ভরসা থার্ড ক্লাস। থার্ড ক্লাসে জাতপাত-বর্ণধর্ম-ছোঁয়াছুঁয়ি সব ঘুচে যেত। অত্যন্ত ধর্মপ্রাণ, গোঁড়া ব্রাহ্মণের সঙ্গে উঠতেন নিম্নবর্ণের মানুষও। থার্ড ক্লাস সব্বাইকে আপন করে নিতো, মনে করিয়ে দিতো যে তাদের একমাত্র পরিচয় ভারতীয়-ই। এই একই রকম অনুভূতি আমার হয়েছিল ভেন্ডার কামরায় উঠে। 


ট্রেনের ভেন্ডার কামরা -- এক অদ্ভুত, সমাজবিচ্যুত, দ্বীপের ন্যায়, চতুর্মাত্রিক কোনো এনটিটি, যার তুল্য অস্তিত্ব ওই কামরার বাইরে কোথাও নেই। ভেন্ডার কামরা যে ধরনের সাম্যবাদ প্রোমোট করে, স্বয়ং গ্রামসি তাঁর কালচারাল হেজিমনির তত্ত্ব ভুলে যেতেন দেখলে। 


ডেলিপ্যাসেঞ্জারের জীবনে পা দেওয়ার আগে যখনই ট্রেনে চড়তাম, বরাবর জেনারেল কামরাতেই উঠেছি। ভেন্ডার কামরা যখনই পাশ দিয়ে যেতো, নাকে গোঁত্তা মারত এক বিটকেল ছানাপচা টক-টক গন্ধ। ওই গন্ধে প্রাণ ওষ্ঠাগত হয়ে যেতো। ফলে, কোনোদিন কল্পনাতেও আসেনি ভেন্ডারে ওঠবার কথা। 


কিন্তু অদৃষ্ট - প্রথম কলেজে মাস দেড়েক 'লাইফ ইন আ মেট্রো' হওয়ার পরে, ট্রেনের দীর্ঘযাত্রার সুযোগ জুটে গেল, অন্তত বছর তিনেকের জন্য। দীর্ঘ মানে, খড়দা থেকে শেয়ালদা। খাতায়-কলমে ১৮ কিমি রাস্তা, ৩৮ মিনিটের শিডিউল্ড টাইম - যেটা ঢুকতে প্রায় ৫০-৫৫ মিনিট লেগেই যেত আমাদের সময়ে। শিয়ালদা নর্থের ট্রেন লেট করা এবং ঝোলানোর উপর আমার যা বিশ্বাস ছিল, অত বিশ্বাস নিজের প্রাক্তন প্রেমিকাকে অবধি কোনোদিন করে উঠতে পারিনি। 


প্রথম কিছুদিন আপ ট্রেন ধরে ব্যারাকপুর গিয়ে ফের ডাউন ব্যারাকপুর লোকাল ধরে বসে বসে যেতাম। কিন্তু তার জন্য যত সকালে উঠতে হত, তা আমার পক্ষে রীতিমতো টর্চারের শামিল। পড়াশুনোও করব, কলেজেও পড়ব, আবার সকালেও উঠব - এ কেমন অবিচার?


নিকুচি করেছে বসা - এই বলে সোজা বেরিয়ে পড়লাম গটগট করে। খড়দায় এসে দাঁড়ানো ডাউন ট্রেনের ভিড় দেখেই প্রবল জেদ ফুস হয়ে গেল। এবার? এইজন্যই বলে, মা-বাবার কথা শোনা উচিত। 


ইতিউতি তাকিয়ে দেখি, প্রথম ভেন্ডার কামরাটি 'গড়ের মাঠ' না হলেও, 'পেছনে একদম ফাঁকা, খালি গাড়ি কালীঘাট' মার্কাও নয়। অন্তত উঠে দাঁড়ানো যাবে। কিন্তু গন্ধ... 


'ধুত্তোর অলফ্যাক্টরি' বলে উঠে পড়লুম ভেন্ডারে। উঠতেই নাকে ঝাপটা মারল ভেপসে যাওয়া ছানা, পচা শাক, কাঁচা মাছ - সব মিলিয়ে একেবারে রাজা এজিয়ানের আস্তাবলের মতো ব্যাপার। আমি তো আর হারকিউলিস নই - কী করি এবার?


মেনে নিতে হল। কোনোমতে নাকমুখ সিঁটকে যাতায়াত শুরু করলাম। দিনদুয়েকের মধ্যে, আশ্চর্যভাবেই, গন্ধটা নাকে অনেকটা সয়ে এলো। আর, গন্ধ সয়ে আসতেই পুরোনো প্রি-কনসিভড নেতিবাচক ধারণা কেটে গেল, এবং ভেন্ডারের বেশ কিছু ভালো দিক চোখে পড়ল। 


ভেন্ডার একমাত্র জায়গা, যেখানে আরামসে ধূমপান করা যায়। কলেজে পড়া আমি চেইনস্মোকার ছিলুম। খড়দা থেকে কলেজ পৌঁছোতে পৌঁছোতে আমার এক প্যাকেট সিগারেট শেষ হয়ে যেতো। সেই আমার জন্য ভেন্ডারের থেকে উৎকৃষ্ট জায়গা আর কী হতে পারে? 


শুধু তাই নয়, ভেন্ডারে হইহই করে ব্রিজ খেলা চলত। আমার তখন মারাত্মক ব্রিজের নেশা। রাজ্য ব্রিজ অ্যাসোসিয়েশনের মেম্বার হয়েছি, ব্রিজ খেলতে বড়ো বড়ো ক্লাবে যাচ্ছি, অ্যাসোসিয়েশনের অফিশিয়াল ক্লাবের সদস্যও। রোজ কলেজ সেরে পূর্ণদাস রোডে তাস পেটাতে যেতাম। ফলে, দুই নেশা মিলে ভেন্ডার আমার জন্য এক নতুন স্বর্গরাজ্য হয়ে উঠল। 


ভেন্ডারে কেউ কাউকে রেয়াৎ করে না। আমার যে স্নবারিটুকু ছিল, ভেন্ডারে উঠে দুই খিস্তিতে কেটে গিয়েছিল। আমার কলেজ আমাকে অতটা ডিক্লাসড করতে পারেনি (প্রেসি-যাদবপুরের মতো দুই আঁতেল এবং এলিট, সমাজ-বিচ্যুত প্রতিষ্ঠান এমনিও পারেনা), যতটা ভেন্ডার করেছিল। 


আমার তাস খেলার সঙ্গী ছিলেন বাকি যে তিনজন - তার মধ্যে একজন রাজ্য সরকারি আমলা, একজন সবজির পাইকারি বিক্রেতা, এবং একজন স্কুলশিক্ষক। এদের মধ্যে স্কুলশিক্ষক দমদমে নেমে যেতেন - আর সেই জায়গা নিতেন এক ফুলঝাড়ু বিক্রেতা। 


বাইরে হয়তো অনিমেষদা (নাম পরিবর্তিত) আমলা, ওয়াসিমদা (নাম পরিবর্তিত) সবজি বিক্কিরি করে, তুষারদা (নাম পরিবর্তিত) হাইস্কুলে পড়ায়, রতনদা (নাম পরিবর্তিত) ফুলঝাড়ু বেচে। আমি প্রেসিডেন্সির ভেকধারী আঁতেল। কিন্তু ওখানে আমরা সবাই সমান। একই সিগারেটের কাউন্টার সবার হাতে হাতে ঘুরছে। বাংলা থ্রি নো-ট্রাম্প খেলা অনিমেষদা ডাউন করায় ওয়াসিমদা মা-মাসি তুলে খিস্তি করছে, আর অনিমেষদা 'ভাই রাগ করিস না, গুনতে ভুল হয়েছিল' করে বোঝাচ্ছে। বাইরে আমরা যে যাই হই, ভেন্ডরে আমরা সবাই এক। একটাই আমাদের শ্রেণিপরিচিতি - আমরা ভেন্ডারযাত্রী। কী অদ্ভুত এক সাম্যের পাঠ পেয়েছিলাম! 


কোনোদিন না গেলে, পরে/আগে গেলে খোঁজ নিতো এরা সবাই। ওয়াসিমদার মেয়ের বিয়ের খরচের সিংহভাগ অনিমেষদাই দিয়েছিল, অনেক পরে জেনেছিলাম। রতনদার ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করায় তুষারদা ভেন্ডারের প্রত্যেককে মিষ্টি বিলিয়েছিল, চেনা-অচেনা সব্বাইকে। সে আরেক ঝামেলা - ট্রেনে উঠছে লোকে, আর তুষারদা বাক্স খুলে 'এই নিন, খান' বলে বাড়িয়ে দিচ্ছে। লোকে সন্দেহের দৃষ্টিতে দেখছে, কিন্তু তুষারদার ভ্রুক্ষেপ নেই। 


কলেজ ছাড়ার পরে আর ভেন্ডারে উঠিনি। জানি না, তাদের আজ কী খবর। তবে শূন্যস্থান কখনোই শূন্য থাকে না। আমার জায়গায় অ্যাদ্দিনে নতুন পার্টনার এসে গিয়েছে। অনিমেষদা-রতনদারও রিটায়ার করে যাওয়ার কথা। অন্য কেউ এসে গিয়েছে নির্ঘাত সেখানে। 'ফোর হার্টস' - 'ফাইভ ডায়মন্ডসের' ডাকে কামরা মাতায় অন্যরা এখন।


সব পাল্টে যায় - মানুষ, জীবন, যাত্রা, স্টেশন। শুধু ভেন্ডার এক থেকে যায়। এক রয়ে যায়।..

Thursday, 14 November 2024

বড়ো হয়ে বড়ো হব

আজ নাকি আমাদের, মানে ছোটোদের দিন। সবার কতো ভালো কথা! অন্যদিনগুলোয় ছোটোদের কী অপমান, কী অপমান! একটা কথা যদি শোনে কেউ আমাদের!

 


আরে, ছোটো হওয়া কি ইয়ার্কি নাকি? তোমরা, মানে বড়োরা যে আমাদের এভাবে হতচ্ছেদ্দা করতে থাকো, বোঝো ছোটো হওয়া কত কঠিন? হয়ে দেখেছো কখনো ছোটো? 


তোমাদের যখন বলি, বারান্দায় ঘ্যাঁঘাসুর বসে আছে ঘাপটি মেরে, বেরোতে গেলেই ধরবে, তোমরা বিশ্বাস করেছো? হেসে উড়িয়েই দিয়েছো। কী? না, এসব নাকি হয় না। বললেই হলো? আগেরদিন দীপু মা শীতলার দিব্যি কেটে বলল, ওর বাড়ির বারান্দায় সন্ধে থেকে ঘ্যাঁঘাসুর এসে বসে থাকে। ও মিথ্যে কথা বলেছে, বলো? মা শীতলার দিব্যি কেটে ও মিথ্যে বলবে? বেশ, না হয় বলল। কিন্তু বোসদের পোড়ো আমবাগানটায় যে ঘোলু আর ভোলু বলে দুটো কন্ধকাটা থাকে, সেটা তো সত্যি মানবে? ও মা! তাও দেখি মানো না। বাবাকে বলতে গেলাম, বাবা খুব গম্ভীর মুখে শুনে 'হ্যাঁ, এখন কাজ করছি, বিরক্ত করো না' বলে তাড়িয়ে দিল। কী মুশকিল, ওই আমবাগানের পাশ দিয়েই তো বাবা ফেরে। মানুষের ভালো কি আর করতে আছে? বুঝবে ঠ্যালা, একদিন ঘোলু-ভোলু লম্বা হাত বাড়িয়ে রাস্তা থেকে টেনে নিয়ে গিয়ে গেন্ডুয়া খেলুক। তখন না মেনে থাকে কী ভাবে, দেখব। সব কাজ বেরিয়ে যাবে!


সেদিন দূরের যে লম্বা রাপুঞ্জেলের প্রাসাদটা, যেটাকে দাদা সমানে বলতে থাকে ফোনের টাওয়ার - কী বোকা দেখেছো? - সেটার উপর একটা বিরাট পাখি বসেছিল। দাদাকে যত বলছি, ওটা সিন্দবাদের রক, দাদা হেসেই উড়িয়ে দিচ্ছে। বলছে ওটা নাকি চিল। মানে আছে কোনো, বলো? কলেজে পড়ে আর গোঁফ গজিয়েছে বলে কি সব জেনে গিয়েছে? বেশি হাসুক, আমিও বাড়িতে বলে দেবো ও লুকিয়ে লুকিয়ে সিগারেট টানে। আমি স্পষ্ট দেখেছি, মাক্কালী! ওর ব্যাগে দেশলাই বাক্সও দেখেছি আমি। বড়ো হয়ে গেলে মানুষ বোধহয় এসবই করে! 


এই যেমন, সেদিনকার কথা। ক্লাসে আন্টি জিজ্ঞেস করছিলেন, কে কী হতে চাও বড়ো হয়ে। প্রতীক, আমাদের ফার্স্ট বয় কী একটা বলল আইএস না কী। আন্টি শুনে খুব খুশি! কে জানে ভাই, কী ওটা! আমাকে তো বাপু জিজ্ঞেস করাতে আমি সোজা উঠে দাঁড়িয়ে বললাম, রঘু ডাকাত। বলেই ক্ষান্ত হইনি, মুখে হাত চাপা দিয়ে হা-রে-রে-রে বলে হাঁক পেড়েও দেখালাম। ক্লাসের সবাই হাততালি দিয়ে উঠল! তোমাদের চুপিচুপি বলি, কাউকে বলো না যেন - দুপুরবেলায় ঠাম্মি ঘুমিয়ে পড়ার পর আমি একা একা বাগানে গিয়ে অনেকদিন ধরে এটা অভ্যেস করে করে শিখেছি। ঘোঁতনকে আগেরদিন শোনালাম - ওর চোখগুলো গুল্লি-গুল্লি মার্বেলের মতো হয়ে গিয়েছে শুনে। অথচ, কী অদ্ভুত, আন্টির মুখটা কীরকম রাগী-রাগী হয়ে গেল - দাদুর টেবিলে একটা বাঘের ছবি দেওয়া ক্যালেন্ডার আছে, অনেকটা ওরকম। আন্টি বললেন, বাড়ি থেকে যেন মা-বাবাকে নিয়ে দেখা করি। খবরটা মা-বাবাকে বলতেই ওদের মুখটাও কেমন ওই রাগী বাঘটার মতো হয়ে গেল। কারণ জানতে চাওয়ায় পুরোটা বললাম। শুনে বাবা-মা নিজেদের মধ্যে গজগজ করতে থাকল, আমি নাকি কীসব 'ফ্যান্টাসি' বই পড়ে এমনটা হয়ে যাচ্ছি। কী বলে, বুঝি না বাপু। 


তা বাবা-মা গেলো। প্রিন্সিপাল ম্যাম, আন্টি, বাবা, মা - সবাই রাগী বাঘের মতো মুখ করে বসে। মায়ের মুখটা যদিও মাঝে মাঝে আমাদের পাড়ার হুলোটার মতো হয়ে যাচ্ছিল, যাকে দেখলেই মনে হয় এক্ষুণি কেঁদে ফেলবে। তাই দেখে আমি ফিচফিচ করে হেসে ফেলছিলাম বলে বাবা এক ধমক লাগাল। ওরা কীসব বলল, আমি অত শুনিনি। আমি তখন জানলার বাইরে আকাশ দেখছিলাম। ওদিন পাঁচটা আইস্ক্রিম মেঘ, দুটো গাড়ি, ছটা ব্যাং আর তিনটে কচ্ছপ মেঘ যেতে দেখলাম - আমি পরিষ্কার গুণেছি। আমি কর ধরে ওয়ান, টু করে করে গুণতে পারি। এর মধ্যেই কানে আসছিল, ওরা 'আনমাইন্ডফুল' 'ডেড্রিমিং' 'ইম্ম্যাচিওর' 'নন-সিরিয়াস' কীসব যেন বলছে। তারপর আমাকে ডেকে বলা হল, আমাকে নাকি প্রতীকের পাশে বসতে হবে, কারণ ও আইএস হতে চায়। 


কী জ্বালা! এই আইএসটাইএস কেন হবো আমি? তাকে নাকি সবাই ভয় পায়, শ্রদ্ধা করে। আরে, রঘু ডাকাতকেও তো সবাই ভয় পায়! ভাবো, কত সাহস হলে চিঠি পাঠিয়ে জমিদারবাড়ি ডাকাতি করতে যায়। সবাই ভয়ে কাঁটা হয়ে থাকে। আর শ্রদ্ধা পেতে হলে ক্যাপ্টেন স্কট হবো! এমনিতেও আমি ভেবেইছি, আমি আর ঘোঁতন মিলে আটলান্টিস আর এলডোরাডো খুঁজে বের করব। এই যাহ, তোমাদের বলে দিলাম! আসলে এটা সিক্রেট তো খুব! আমাদের এখানে নন্দীদের যে পুকুরটা আছে, ওই পুকুরের তলা দিয়ে সোজা আটলান্টিসে যাওয়া যায়। ঘোঁতন একদিন সাঁতার কাটতে গিয়ে তলায় একটা টানেল দেখেছে, যার ওদিক দিয়ে আলো আসছিল। আমি আর ঘোঁতন ডুবুরির পোশাক বানাচ্ছি রেনকোট কেটে। হয়ে গেলেই আমরা বেরোব। আর সেসব ছেড়ে, আমি হব নাকি আইএস? প্রতীকটা এক নম্বরের বাজে ছেলে। কিচ্ছু জানে না ও। হেডউইগের ছবি দেখে নাক সিঁটকে বলেছে, এ নাকি এমনিই লক্ষ্মীপ্যাঁচা, এদিকে খুবই পাওয়া যায়। ও আসলে এসব কিচ্ছু পড়েনি। ওর মা আসলে খুব রাগী। সারাক্ষণ পড়তে বসায় ওকে। তার পাশে বসতে হবে আমাকে?


তাহলেই দেখো, আমাদের কতো কষ্ট। আমাদের কে বোঝে? কেউ কিচ্ছু মানতে চায় না। পাড়ার শেষ বাড়িটা যেটা, যেখানে কেউ থাকেনা আর সারাবছর থাকে, ওখানে যে রাতে ভূতে নাচ করে 'হিং হ্যায়, তেল হ্যায়, ইমলি হ্যায়, লসুন হ্যায়' বলে, আর মানিক কুঁজ নিয়ে গেলে তার কুঁজ ফেলে দেয় - এটাও কেউ মানতে চায় না। সবাই বকা দেয়। আমাদের বাড়িতে ভাত খায় যে মেনিটা, ওটাই যে আসলে মজন্তালী সরকার - এটা সব্বাইকে কতবার বলেছি। শুনলে হাসে সবাই। আমি তো বাবা ওকে দেখলেই 'পেন্নাম হই মহারানী' বলি। কী দরকার, রাজার কাছে নালিশ করে যদি?


আর বড়ো হলে কত সুবিধে! শুধু সবার উপর চেঁচিয়ে যাও, বকে দাও। যার যার উপর রাগ হচ্ছে, তার উপর চেঁচাতে না পারলে ছোটো কাউকে ধরে বকে দাও। ওদের ভাবতে হয়, কাল স্কুলের পাশের দোকানটায় ড্র‍্যাগনবলজির স্টিকারগুলো শেষ হয়ে গেলে কী হবে? বা রমেন কাকুর দোকানে যে কুড়িটা রিফিল দেওয়া পেন বিক্রি হয়, যেটা রমেন কাকু এনে দেবে বলেছে, ওটা না এনে দিলে স্কুলে মুখ দেখাতে পারব কিনা? ওদের শুধু চেঁচামেচি করলেই হল, বকলেই হল। 


 ধুর ধুর। ঠিক করে নিলাম, আমি বড়ো হয়ে বড়োই হব। ছোটো হওয়া খুব কঠিন।

Wednesday, 13 November 2024

'আমারে বাঁধিছে রাদিচে..'

উইলিয়াম রাদিচে আর আমাদের মধ্যে নেই। জানতে পারলাম, দু'দিন আগে তিনি চলে গিয়েছেন। বাঙালির কাছে 'শুধুই বাঞ্ছারাম' মনোজ মিত্রের মৃত্যুসংবাদকে ছাপিয়ে তাঁর প্রয়াণের খবর ফেসবুক অ্যালগরিদমে জায়গা করে নিতে পারেনি। স্বাভাবিক। গেঁয়ো যোগীই যেখানে ভিখ পায়না, নাম-না-জানা বিলিতি যোগীর চলে যাওয়ার খবরে সেখানে আহাউহু না হওয়াটাই কাম্য। 


তবুও, রাদিচেকে হয়তো অনেকেই চেনেন। যাঁরা চেনেন, জানি না তাঁদের কাছে রাদিচের গুরুত্ব কতটা। হিসেব মতো, আমার কাছেও থাকা উচিত নয়। জেভিয়ার্সখেদানো-প্রেসিতাড়ানো আমার মতো সামান্য পাঠকছাত্রের উপর রাদিচের প্রভাব ঠিক ততখানিই হওয়ার কথা, যতটা প্রভাব বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ভার্সেই চুক্তির ছিলো।


কিন্তু আমার সৌভাগ্য, সম্ভবত রাদিচের দুর্ভাগ্যও, রাদিচের সঙ্গে আমার পরিচিতি হয়ে যায়। আমার মতো মূঢ় মানুষ কোনোদিনই তাঁকে খুঁজে পেতো না, যদি না আমার জীবনে ড. ঋতম্‌ মুখোপাধ্যায়ের মতো একজন প্রফেসর থাকতেন।


থার্ড ইয়ারে পড়ি তখন। পঞ্চম সেমিস্টার। মধ্যযুগের অকূল পাথারে ভরাডুবি হয়ে আধুনিক সাহিত্যে এসে একটু হাঁপ ছাড়ছি সবে। সিলেবাসে রবীন্দ্রনাথের উপর একটি পেপার ছিল, যার মধ্যে একটি মডিউল ছিল রবীন্দ্র কবিতা। মডিউলটি ঋতম্‌বাবু পড়িয়েছিলেন।


'সোনার তরী' পড়ানোর কথা একদিন। ক্লাসে এসে স্যার সবার আগে ধরেছিলেন রাদিচে। আমি বুঝভুম্বুল। কী জ্বালা, এখন অনুবাদ থেকে রবীন্দ্রনাথ পড়ব কেন? কী দরকার এসবের? আচ্ছা ঝামেলা তো! 


ভাগ্যিস পড়িয়েছিলেন স্যার। ভাগ্যিস স্যার রাদিচের সঙ্গে আলাপ করিয়েছিলেন। নয়তো সারা জীবন ট্রান্সলেশন স্টাডিজের সঙ্গে পরিচিতি হত না। জানতে পারতাম না, কীভাবে একটা প্রাইমারি টেক্সটকে ভেঙেচুরে তার যথার্থ অনুবাদ করতে হয়। অনুবাদের ভাষা ও প্রাইমারি টেক্সটের ভাষার মধ্যে যোগসূত্র কীভাবে তৈরি হয়, কীভাবে লেখক বা অনুবাদকের ছাপ পড়ে ভাষাকে ছাপিয়ে যাওয়া ভাবের মধ্যে, সেসব কিচ্ছু শিখতাম না। রাদিচে-অনূদিত 'গোল্ডেন বোট' এবং রবীন্দ্রনাথের স্ব-অনূদিত 'গোল্ডেন বোট'-এর মধ্যে ফারাকটাও জানতে পারতাম না। জানতে পারতাম না, কেন রাদিচে পাটনীকে স্ত্রীলিঙ্গবাচক করে তুলেছেন। একটা নতুন দিক খুলে দিয়েছিলেন স্যার, এবং অবশ্যই, রাদিচে। 


তারপরে বিস্তর ঘেঁটেছি রাদিচে নিয়ে। স্যারের সঙ্গে কথা হয়েছে ট্রান্সলেশন স্টাডিজ নিয়ে। ডিসার্টেশন করার কথাও ভেবেছিলাম স্যারের কাছে, জাপানি সাহিত্য এবং বাংলা অনুবাদের উপর। স্যার প্রবল উৎসাহ দেওয়া সত্ত্বেও, গাইড হিসেবে স্যারকে না পাওয়ায় তা আর হয়ে ওঠেনি। 


ঋতম্‌বাবু, এবং সর্বোপরি রাদিচে না থাকলে অনুবাদ ব্যাপারটাকে কোনোদিনই অন্য চোখে দেখতে পারতাম না, বা ডিসিপ্লিন হিসেবে ট্রান্সলেশন স্টাডিজের মাহাত্ম্য বুঝতাম না৷ আমার মতো তুচ্ছ মরমানুষের জীবনে এই পাওয়াগুলোই বা কম কী?


ভালো থাকবেন, রাদিচে। আপনার ভূমিকা আমার সাহিত্যচিন্তন গড়ে ওঠার পিছনে যে কতটা গুরুত্বপূর্ণ, সেটা বোঝাতে আমি ক্লাসে একটা মজার কথা বলতাম - 'আমারে বাঁধিছে রাদিচে।' 



Rest in peace. :)

Thursday, 24 October 2024

নীলাচলের নীল আঁচলে - পর্ব ১

সবক্ষেত্র একবার, শ্রীক্ষেত্র বার বার - এমনটা কেউ একজন বলেছিলেন। কে বলেছিলেন ঠিক মনে নেই - শ্রীচৈতন্য বা শ্রীদেবী, কেউ একটা হবে। 


সেই শ্রীবাক্য আপ্ত এবং apt-ও মেনে আমার জন্মদাতা ও জন্মদাত্রী ঠিক করলেন, এবারের পুজোর ছুটিতে পুরী যাওয়া হবে। সেই ব্যাপারে ওদের পুরোপুরি সমর্থন থাকলেও, আমার একেবারেই ছিলো না - কারণ, আমার পুরী ভাল্লাগে আহারে, আর বেড়াতে ভাল্লাগে পাহাড়ে। সমুদ্র আমার বরাবরের না-পসন্দ। সমুদ্রকে নিয়ে ভালো কথা লিখেছেই বা কজন? যেমন মেঘনাদের লেখা ‘মাইকেলবধ’ বলে উপন্যাসটায় রাবণভাই ‘কী হেব্বি চোকারমার্কা মালা পরেচিস বে পোচেতো, পুরা চলতা ফিরতা কোকেইন হ্যায়, কোকেইন’ ইত্যাদি ডায়লগ ঝেড়ে ব্যজস্তুতি-সার্কাজম ভরে ভরে দিয়েছিল; বা কোলরিজের ‘রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার’ - এ কমরেড মাঝিভাইরা তেষ্টার চোটে সমুদ্দুরের জল খেয়ে ‘হ্যাক থুঃ, কী নুন রে ভাই ছ্যাঃ, মানুষে খায় এসব’ বলে মুখ সিঁটকে নিজেদের বিতৃষ্ণা, বি-তৃষ্ণা প্রকাশ করছিল - এইসবই মাথায় আসে শুধু। এইসব ভেবে গাঁইগুঁই করে বাড়িতে বোঝানোর চেষ্টা করছিলাম - যে সমুদ্রের কী দরকার, বাড়ির সামনেই তো পাড়ার পুকুর রয়েছে, ওখানে বসেই তো লোকজন গরম গরম কাটাপোনা ভাজা আর বাংলা খায়.. তবে শ্রেণিসংগ্রামের লড়াইতে কবেই বা আমার মতো সর্বহারারা জিততে পেরেছে। যাইহোক। ফলে টিকিট কাটা, হোটেল বুক করা - ইত্যাদি সমস্ত একে একে হয়ে গেল। আমি মুখ চুন (বা সমুদ্রে যাব বলে নুন) করে বসে রইলাম। 


এরপর ব্যাগ গোছানোর পালা। ব্যাগ গোছানোর ব্যাপারে আমার মায়ের প্রবল FOMO আছে। ফলে, আমাদের বেড়াতে যাওয়ার লাগেজ আমার ইমোশনাল ব্যাগেজের থেকেও ভারি হয়। সেইসব সময়ে আমি সামনে থাকি না - আমার ভারি আতঙ্ক হয়। 


প্যাকিং ইত্যাদি সারার পরে ঘরে ঢুকেই দেখি কেলেঙ্কারি! মেঝেতে পড়ে আছে ছটা ট্রলি, তিনটে সাইডব্যাগ, চারটে পিঠের ব্যাগ, খান পাঁচেক এদিকসেদিক আরো ব্যাগ.. সে এক বিরাট বাগাড়ম্বর, বা ব্যাগাড়ম্বরও বলা চলে। সমস্যা কী? সমস্যা হল, আমার উপরে ভুবনের ভার না থাকলেও, এই ব্যাগেজের ভার রয়েছে - এই ব্যাগেজ আমাকে আর বাবাকেই বইতে হয়। মা একটা স্টাইলিশ লেদারের সাইডব্যাগ আর একটা জলের বোতল নিয়ে অ্যাটলাসের পৃথিবী কাঁধে নেওয়ার মতো দাঁতমুখ খিঁচিয়ে চলতে থাকে। আর বাবাকে কুলি নিতে বললে বাবা কুলির সঙ্গে মারাত্মক দরাদরি করে, আর কুলি রেগে একেবারে হটি হয়ে যায়। স্বাভাবিক - একটা লোক ৩০০ টাকা চাইলে তাকে যদি কেউ ৩০ টাকা নেওয়ার জন্য ঝুলোঝুলি করতে থাকে, তবে তার মাথায় খুন চাপবে না? 


ব্যাগ দেখে আমার মাথায় হাত। মা গর্বিতা হয়ে বসে বসে যুগপৎ নিজের সুকীর্তি (লাগেজ) এবং কুকীর্তি (আমি) দেখছে। 


— এসব কী নিয়েছ মা?

— কেন, লাগেজ! ওখানে গিয়ে লাগবে না? 

— হ্যাঁ, লাগে বলেই তো এদের নাম লাগেজ। কিন্তু এত কিছু কোন কাজে লাগবে? তুমি কি দেশত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছো নাকি?

— আহা, কী সব অলুক্ষুণে কথা! দরকারের জিনিসই নিয়েছি শুধু! এইটুকু ছাড়া যাওয়া যায়?


ততক্ষণে আমি ব্যাগ হাঁটকে একের পর এক বোমা বের করছি। শুরুতেই একটা ৫ লিটার প্রেশার কুকার বেরোলো। 


— এটা কোন কাজে লাগবে?


মা গদগদ হেসে বলল, 


—আহা, কোনোদিন যদি পাঁঠার মাংস খেতে ইচ্ছে হয় আমাদের?

— মা, আমরা হোটেলে উঠছি, হলিডে হোমে না! সেখানে এসব হোম-যজ্ঞ চলে, হোটেল এসবের যোগ্য না! 


ব্যাগ থেকে আরো বেরোলো একটা ছোটো স্টোভ, একটা পুঁচকে গ্যাস সিলিন্ডার, একটা বড়ো কড়াই, একটা মাঝারি নন-স্টিক প্যান।


— এসব কেন? পিকনিক করবে নাকি? 

— না না। ধর ওখানে গিয়ে ভালো খাবার পেলাম না। তখন তো আমাকেই ধরবি তোরা। সবার জন্য ভাবি বলেই আজ আমার এই দশা। কেন যে মরতে এই সংসারে এসে পড়েছিলাম.. (ক্রন্দন)


এইসব শুনতে শুনতে অন্যান্য ব্যাগগুলোও দেখছি। একটা ব্যাগ থেকে বেরোলো একটা ভাঁজ করা ক্যাম্প খাট, একটা গার্ডেন ছাতা। অন্য আরেকটা ব্যাগ থেকে আমাদের ওয়াইফাই-এর রাউটার। 


— রাউটার নিচ্ছো কেন? এ কী! 

— (ফোঁপাতে ফোঁপাতে) যদি ওখানে নেট না পাই, তখন? কে তোদের জন্য রান্নার ভিডিও দেখে রান্না করবে, কে জোরে জোরে ভূতের গল্প লাইভ শুনে তোদের উত্ত্যক্ত করবে? (আরো জোরে ক্রন্দন)


মহা ঝামেলা তো! তারমধ্যে অন্য ব্যাগগুলো খুলতেও আর সাহস পাচ্ছি না। কে জানে, কোনো ব্যাগ খুললে হয়তো অক্সিজেন সিলিন্ডার বেরোবে - যদি আমরা সমুদ্রের তলায় গুপ্তধন খুঁজতে যাই! 


অবশেষে বেরোনোর দিন এলো। 


কোথাও বেরোনোর হলে আমাদের সবার সঙ্গে সবার চূড়ান্ত ঝামেলা বেধে যায়। মা আমাকে দোষ দেয়, আমি বাবাকে, বাবা নিজের কপালকে…. এইসব করে মোটমাট বেরোনো হল৷ 


বাবা রাস্তায় বেরিয়েই ‘ওরে বাবারে, ওলা কতো টাকা! ওরে বাবারে, উবের কতো টাকা! ওরে বাবারে, লোকাল ট্রেনের টিকিট কতো টাকা…’ মর্মে শুরু করেছে। 


প্রসঙ্গত -  বাবা একেবারেই কিপটে না - বরং বরাবরই উল্টোটা। কিন্তু, এটা বাবার স্বভাব। বাজারে আগুন, সবাই জানে - তাও বাজার এনেই রোজ ‘জানো, কী দাম সবকিছুর! কিছুই খাওয়া যাবে না আর’ মর্মে শুরু করে, অথচ আনে সব ভালো ভালো জিনিসই। 


যাইহোক। এসমস্ত সেরে, গাড়িটাড়ি ডেকে আমাদের ওলাওঠা, থুড়ি উবেরওঠা হল৷ লাগেজ তোলা নিয়ে সে আরেক ঝকমারি। শেষমেশ লাগেজগুলো সিটে বসল, আমরা কোনোমতে লাগেজের উপর গুটিসুটি মেরে। সামনে বসা ট্রলির গায়ে আদর করে সিটবেল্টও বেঁধে দিলাম। 


বাবা গাড়িতে উঠেই ড্রাইভারের সঙ্গে গল্প জুড়ে দেয়। বাবার ধারণা, বাড়ির বাইরে পা দিলেই সবাই হিন্দি আর ইংরিজিতে কথা বলে।


— রাম রাম ড্রাইভার ভৈয়া, গাড়ি তো বহুত হি আচ্ছা হ্যায় আপকা!


সম্পূর্ণ বাজে কথা। গাড়ির ভিতর থেকে ডিজেলের গন্ধ ছাড়ছে, গাড়ির কন্ডিশন অনেকটা আমার মানসিক স্থিতির মতো - ব্রেকডাউন হতে বিশেষ বাকি নেই। গাড়ি চললেই ‘ঘ্যাঁ ঘ্যাঁ ঘঁচাৎ’ করে আওয়াজ হচ্ছে। সেই গাড়ির মধ্যে বাবা যে কী ‘আচ্ছা’ দেখল, তা বুঝে ওঠা দুষ্কর। 


— হ্যাঁ, দেখতে হবে না! গাড়ি রোজ নিজের হাতে মেইনটেইন করি আমি। নিজের হাতে ধুয়ে মুছে সাফ করি রোজ! 


এদিকে পষ্ট দেখছি, উইন্ডস্ক্রিনের সামনে, বনেটের উপর ভূতুড়ে বাড়ির মতো ধুলোর পুরু আস্তরণ। যেমন ড্রাইভার, তেমন বাবা। পুরো সেয়ানে সেয়ানে কোলাকুলি হচ্ছে। 


— হাঁ ড্রাইভার ভৈয়া, হামলোগ হাওড়া স্টেশন যায়েঙ্গে। হাওড়া জানতা হায় না? উ যো ব্রিজ হ্যায় গঙ্গা মাইজী কে উপর? 


— আরে দাদা, জানব না কেন! লোকাল ছেলে, হাওড়া স্টেশন চিনব না?


— হাঁ, তো ওহিপর জায়েঙ্গে। রেলওয়ে স্টেশন সে ট্রেন পাকড়েঙ্গে।


— হ্যাঁ, আমরাও ট্রেন ধরতে হাওড়া স্টেশনেই যাই (উৎফুল্ল কণ্ঠে)।


আমি চুপ করে শুনছি শুধু। ভাষা হারিয়ে ফেলেছি। গান শুনব ভাবছিলাম একটু, সেই শক্তিও নেই আর। অত্যন্ত উচ্চস্তরের আলোচনা হচ্ছে। 


এইসব সিরিয়াস আলোচনার শেষে আমরা শেষমেশ হাওড়া পৌঁছালাম। কুলি ছাড়া কীভাবে যে ওই প্রচুর পরিমাণ লাগেজ নিয়ে ওয়েটিং রুম এবং সেখান থেকে ট্রেনে তুললাম, সে আরেক গল্প। সে থাক এখন। 


পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস কামরা। লাগেজ-টাগেজ দিয়ে ক্যুপটাকে মোটামুটি ভরিয়ে ফেলে হাঁপ ছাড়ছি যখন, তখন ক্যুপের চার নং ব্যক্তি এলেন। ভদ্রলোক সম্পর্কে একটা কিছু বলতে গেলেই মোটামুটি লোকজন বডিশেমিং-এর তকমা এঁটে দেবে আমার গায়ে। অতএব, বেশি কিছু বলা যাবে না। তবে, ভদ্রলোকের হাইট মোটামুটি ৫ ফুট, ওজন আন্দাজ ৮০ কেজি। বিধাতাপুরুষ একটি ডিভাইন কম্পাস বসিয়ে ৩৬০ ডিগ্রির মাপে ভদ্রলোককে এঁকেছেন। 


ভদ্রলোক এসে বসলেন। আমি মন দিয়ে বোধহয় কোনো সুন্দরী মেয়ের ফেসবুক প্রোফাইল দেখছি। হঠাৎই শুনি, চড়ুইয়ের ডাক। মন ভালো হয়ে গেল। চারপাশের দূষণের চক্করে চড়াইরা যে কোথায় চলে গেল.. দেখতেও পাইনা। চড়াইয়ের ডাক শুনে নস্ট্যালজিক লাগছিল খুব। চোখটোখ ভিজে এসেছিল আবেগে। 


হঠাৎ খেয়াল হল, রাত্তিরবেলা চড়ুই, তাও বন্ধ ট্রেনের ক্যুপে? অ্যাঁ? 


তাকিয়ে দেখি, চড়াই না - উৎরাই। মানে ভদ্রলোকের নিঃশ্বাস বেরোচ্ছে। কিন্তু এ জ্বালা উতরোই কীভাবে? প্রমাদ গুনতে শুরু করলাম। বাড়িতে ইতিমধ্যেই এক স্লিপ অ্যাপনিয়ার রুগি রয়েছে, মানে আমার বাবা।


 নেকের জ্ঞাতার্থে জানানো, স্লিপ অ্যাপনিয়া হল সেই রোগ, যাতে নাসাগহ্বর চর্বি দিয়ে ঠাসা থাকে। সেই চর্বিত চর্বণের ফলে নাক সারারাত ডাকাডাকি করতে থাকে। এই রোগেই বাপ্পী লাহিড়ি মরণকে জাদুর ঝাপ্পি দিয়ে আমাদের ফাঁকি দিয়ে অকালে কেটে পড়েছিলেন। 


বাবা আর এই দাদা - দুজনে মিলে কী কীর্তি যে বাধাবে রাতে, ভেবেই আতঙ্ক হচ্ছিল৷ ভয়ের চোটে দুটো ক্লোনাজেপাম(অ্যান্টি-অ্যাংজাইটি ওষুধ) মুখে দিয়ে চুষতে শুরু করলাম। 


অবশেষে সেই কালরাত এলো। 


আলোটালো নেভানো হল। লোয়ার বার্থদুটো আমি আর মা কব্জা করেছি। উপরে বাবা আর ওই অচেনা দাদা। 


দাদার আলাপ শুরু হলো প্রথমে।


ভাই রে ভাই, সে কী ভয়াবহ নাক ডাকা! নাক, মুখ, গলা দিয়ে রীতিমতো কথা বলছেন উনি! সমানে ‘ঘঁক ঘঁক ঘোঁড়ৎ’, ‘খোঁস ভোঁস ভঁচাৎ’ করে বিজাতীয় ভাষায় কথা বলেই চলেছেন। 


আমি কানে বালিশ চাপা দিয়ে পড়ে রয়েছি। ইয়ারফোন কানে গুঁজে রবীন্দ্রসঙ্গীত চালালাম - কিন্তু রবীন্দ্রসঙ্গীতের কী সাধ্য, ওই অতীন্দ্রিয়সঙ্গীতকে আটকায়! ফলে বাধ্য হয়ে আইটেম গান চালাতে হল। আইটেম গান ভেদ করেও যখন দেখছি দাদার নাসিকাধ্বনি আসছে, তখন বাধ্য হয়ে কঠিন বাস্তব - মানে দাদার বাঙ্ককে ফেস করলাম ইয়ারফোন খুলে। দেখা যাক, কে বেশি শক্তিশালী। 


দেখা গেল, দাদার নাকই বেশি শক্তিশালী। সবসময়ে তাই চ্যালেঞ্জ নিতে নেই।


অন্যদিকে বাবা তবলা সঙ্গত ধরে ফেলেছে।


সে কী অপূর্ব হারমোনি, থুড়ি ক্যাকোফনি! অনুপম থাকলে নির্ঘাত লিখতেন, ‘নাসিকের এই ক্যাকোফনি আমাদের স্বপ্ন চুষে খায়!’ 


তারপরে দুজনের নাকে নাকে সারারাত গল্প হল। 


— ঘোঁ ঘঁড়াৎ?

— ফঁড়াৎ।

— ঘঁড়াৎ ফঁড়াৎ?

— ঘুঁ ঘুঁড়ুৎ। 

— সুঁড়ুৎ!

— ভোঁ ভোঁ ভুঁড়ুৎ! (অর্থাৎ কিনা, আমাদের বাদে বাকিদের ঘুম আজকের মতো ভোঁ ভোঁ!)


এর বেশি বাকিটা কিছু বুঝলাম না। অনুলিখন দেওয়া রইলো; কোনো ভাষাবিদ এর পাঠোদ্ধার করতে পারলে জানাবেন দয়া করে। 


সারারাত এইমতো চলার পরে, নামের মর্যাদা রক্ষা করে সুপারফাস্ট এক্সপ্রেস আমাদের ভোরবেলা শিডিউল্ড টাইমের আধঘণ্টা আগে পুরী স্টেশনে নামিয়ে দিল। 


 (চলবে)

Saturday, 12 October 2024

নোবেল শান্তি পুরস্কার ২০২৪ নিয়ে দু-চার কথা


গতকাল নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হল। জাপানের পারমাণবিক অস্ত্রবিরোধী সংস্থা নিহন হিদানকিওকে এবার বেছে নেওয়া হয়েছে। নোবেল কমিটির সুপারিশ জানাচ্ছে, এই নোবেল দেওয়ার কারণ - ‘পারমাণবিক অস্ত্রবিহীন এক বিশ্ব গড়ে তোলার প্রচেষ্টা এবং সাক্ষ্যপ্রমাণের মাধ্যমে দেখিয়ে দেওয়া যে, পারমাণবিক অস্ত্র আর কখনোই যাতে ব্যবহার না করা হয়।’


নোবেল শান্তি পুরস্কার নিয়ে আমরা খুব একটা মাথা কোনোদিনই ঘামাই না। তার একটা কারণ, সাহিত্যের নোবেল, বা ভারতীয়/বাঙালিরা জিতলে অর্থনীতির নোবেল নিয়ে জ্ঞানের ব্যাপ্তি দেখাতে পারলে বুদ্ধিজীবী সমাজে কদর বাড়ে। আর সবথেকে বড়ো কারণ? নোবেল শান্তি পুরস্কার একটা অত্যন্ত রাজনৈতিক পুরস্কার। আমরা যেহেতু ‘অরাজনৈতিক’ বলে এক ‘নহি ছাতা, নহি জুতা, নহি আমি কিচ্ছু’ মার্কা ‘রাজনৈতিক’ নিহিলিস্টিক কিম্ভূতকিমাকার প্রাণী, যাদের ব্যক্তিগত আলোচনার পরিসরে বলাই থাকে ‘এই এই পলিটিকাল আলোচনার জায়গা এটা না কিন্তু’, তারা স্বভাবতই এগুলো এড়িয়ে যাবে। 


কিন্তু, কিছুক্ষেত্রে করা দরকার। এবারের পুরস্কারটা নিয়ে বিশেষ করে করা দরকার। কেন?


বিগত বেশ কিছু বছরে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আন্তর্জাতিক এজেন্সিগুলো কীভাবে বৃহৎ স্কেলে পুত্তলিকাবৎ হয়ে গিয়েছে। 


JCPOA-থেকে ২০১৮তে মার্কিন যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া এবং ইরান ও তার অ্যালাইদের উপর স্যাংশন চাপানো, আফগানিস্তান থেকে আচমকাই সৈন্য অপসারণ কোনো ডেফিনিটিভ সলিউশনের ব্যবস্থা না করে (ফলস্বরূপ দ্বিতীয় তালিবানি রেজিম) আটকাতে রাষ্ট্রপুঞ্জের অক্ষমতা; মার্কিন-চিন 'ট্রেড ওয়ার' এবং পারস্পরিক শুল্কের হার বাড়ানো (বাইডেনের প্রেসিডেন্সিতে চিন থেকে আমদানিকৃত ইলেক্ট্রিক ভেহিকলের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানো হয়!) রোধ করতে ডাব্লুটিও-র দৃষ্টান্তমূলক ব্যর্থতা; ২০২০ সালে কোভিড মহামারীকে আটকানো, একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন - এই ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কী ভূমিকা ছিল, সেটাও দেখা গিয়েছে। সেই ফাঁকে আবার ট্রাম্প হু-এর সদস্যপদ ত্যাগ করেন; ২০১৫-তে ইউনএফসিসিসি-র সিওপি ২১-এ হওয়া প্যারিস চুক্তির বর্তমান অবস্থা, বা ২০২০তে ট্রাম্পের প্যারিস চুক্তি ত্যাগ করা (যদিও বাইডেন তাঁর নির্বাচনী ইস্তেহারে বলেছিলেন যে প্যারিস চুক্তিতে যোগ দেবেন, সেই কথা রাখেনও তিনি) - গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জ আটকাতে এজেন্সির অবস্থা বিশেষভাবে চোখে পড়ে। মজার ব্যাপার, বড়ো বড়ো ‘এমিটার’ দেশগুলোর সেই আর্থিক ক্ষমতা রয়েছে, যা দিয়ে তারা বিপুল পরিমাণ কার্বন ক্রেডিট কিনে নিচ্ছে তুলনামূলকভাবে অনেক কম কার্বন ফুটপ্রিন্ট রাখা দেশের কাছ থেকে, বা তাদের দেশে নানা ‘গ্রিন’ প্রজেক্টে কোটি কোটি ডলার ঢেলে দিচ্ছে। নিজেদের এনডিসি (ন্যাশনালি ডিটারমাইন্ড কনট্রিবিউশন) নিয়ে কেউই ভাবিত নয়। 


এভাবে বলতে গেলে লিস্ট ফুরোবে না। টেরর ফাইনান্সিং আটকাতে এফএটিএফ, আর্থিক কোটার পুনর্বিন্যাস করতে আইএমএফ, তেলের কার্টেলাইজেশন নিয়ন্ত্রণ করতে ওপেক, দক্ষিণ এশিয়া ও ভারতীয় উপমহাদেশে সম্প্রীতির পরিস্থিতি তৈরি করতে সার্ক - সবাই কমবেশি ব্যর্থ। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর গ্লোবাল অর্ডারে এজেন্সির যে ভূমিকা ছিল, বা যে ভূমিকা এনভিসাজ করা হয়েছিল, তা বহুক্ষেত্রেই ধূলিসাৎ হয়েছে।


সবথেকে বেশি যে দুটো ঘটনা প্রভাব ফেলেছে, তা হল পৃথক পৃথক ফ্রন্টে চলতে থাকা যুদ্ধ। ডনেতস্ক অঞ্চলে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ, গাজা স্ট্রিপ বা লেবাননে চলতে থাকা ইজরায়েলি হানা - এই ন্যক্কারজনক ঘটনাগুলো সবাই মোটামুটি জানেন, তাই বলা নিষ্প্রয়োজন। এই দুটো ঘটনাতে আন্তর্জাতিক এজেন্সিগুলোর ব্যর্থতা রীতিমতো চোখে পড়ার মতো। এই যুদ্ধগুলো, নির্বিচারে চলা গণহত্যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, ১৯৪৫-পরবর্তী অবস্থা কিচ্ছুটি পাল্টায়নি। বরং, আগ্রাসী শক্তিগুলো নিজেদের নখদাঁতকে লুকোনোর নিতুই নব কৌশল শিখে নিয়েছে, শিখেছে মিডিয়া ম্যানিপুলেশনের নিত্যনতুন পদ্ধতি। আক্রমণের নয়া নয়া অপরিকল্পিত পদ্ধতি দেখছি আমরা। আমরা দেখছি, কীভাবে নিরীহ পেজার যন্ত্রে বিস্ফোরণ ঘটিয়ে গোটা লেবানন জুড়ে(দাবি, শুধুই নাকি ‘হেজবোল্লা’-দের লক্ষ্য করা হয়েছিল) প্যানিক সৃষ্টি করা যাচ্ছে - কোল্যাটারাল হিসেবে বেশ কিছু প্রাণও যাচ্ছে যদিও বা। আন্তর্জাতিক সাপ্লাই-চেন ম্যানেজমেন্টে কী স্তরের অন্তর্ঘাত ঘটাতে পারলে এমনটা করা সম্ভব, বোঝা যাচ্ছে কী? 


যুদ্ধ-বিধ্বস্ত একটা বিশ্বের অ্যাবসার্ডিটি, যার পরতে পরতে মিশে আছে মহামারী-উত্তর কালেক্টিভ ট্রমা, আর্থিক সংকট, বেকারত্ব, অনিশ্চিত ভবিষ্যৎ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দৃপ্ত হুঙ্কার - সেই ঘোরতর সার্বিক অবসাদ আমাদের পাথর করে দিচ্ছে, সূক্ষ্মতর অনুভূতিগুলো বোঁদা হয়ে যাচ্ছে। বাস্তবের পাথর-ঠেলা দুনিয়াকে ছাপিয়ে আমরা খোঁজ করছি এক ডিলিউশনাল দুনিয়ার। ‘ডেলুলুতেই সলুলু’ গোছের জেন-জি ইয়ার্কির গভীরে নিহিত আছে মূলত এই এসকেপিজমই। কনফ্রন্ট করতে করতে আমরা ক্লান্ত, নিজেদের ঘাড়ে বোঝা টানতে টানতে আমরা হতাশ। তাইজন্যই আমরা ঢুকতে চাইছি মেটাভার্সের ভার্চুয়াল রিয়ালিটির জগতে। অল্টারনেটিভ রিয়ালিটি চাই আমাদের। আমাদের চাই রিল-এর ৩০ সেকেন্ডের ডোপামিন বুস্টার। 


এই ক্লান্তি, হতাশার মাঝখানে নিহন হিদানকিও-র নোবেল শান্তি পুরস্কার পাওয়া হৃত বিশ্বাসকে অন্তত আংশিক না হোক, ভগ্নাংশটুকু হলেও ফিরিয়ে দেওয়ার জায়গায় নিয়ে যেতে পারে। সাধারণত, যুদ্ধকালীন পরিস্থিতিতে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় না। প্রথম বিশ্বযুদ্ধেও দেওয়া হয়নি, দ্বিতীয় বিশ্বযুদ্ধেও না। শুধু ১৯১৭-তে রেড ক্রস পেয়েছিল, যুদ্ধে আহত বা যুদ্ধবন্দীদের সেবার জন্য। ১৯৪৪-এও ফের ওরাই পায়, যুদ্ধচলাকালীন মানবিকতা প্রদর্শনের কারণে। সেই রীতি মেনেই এবারেও অনেকেই ভেবেছিলেন, হয়তো নোবেল শান্তি পুরস্কার এবারে স্থগিত রাখা হবে। অথচ, সবাইকে অবাক করেই এই পুরস্কার দেওয়া হয় এমন এক সংস্থাকে, যারা এক কথায় বলতে গেলে ফিনিক্স পাখি।


১৯৫৬ সালে এই সংস্থা তৈরি হয়। তৈরি করেন কারা? মার্কিন পরমাণু বোমার ফলআউট থেকে যাঁরা সারভাইভ করেছেন। হিরোশিমা-নাগাসাকি তো আছেই, তার সঙ্গে রয়েছে ১৯৫৪ সালের ১লা মার্চ বিকিনি অ্যাটলে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৫ মেগাটনের পরীক্ষামূলক হাইড্রোজেন-লিথিয়াম পারমাণবিক বিস্ফোরণ - যাকে ‘আদর’ করে নাম দেওয়া হয় ‘কাসল ব্রাভো’। এই সারভাইভরদের জাপানি ভাষায় বলা হয় ‘হিবাকুশা’। সেই ১৯৫৬ সাল থেকে শুরু করে তাঁরা পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। জাপান সরকার, রাষ্ট্রপুঞ্জ, অন্যান্য নানা দেশের সরকারের কাছে আবেদন চালিয়ে গিয়েছেন তাঁরা, যাতে বিশ্বের কোথাও আর ‘হিবাকুশা’ তৈরি না হয়। 


এমন এক যুদ্ধ পরিস্থিতি, যেখানে প্রতিটি বেলিগারেন্ট দেশই পারমাণবিক অস্ত্রে বলীয়ান, একটা বোতাম টিপতে যাদের মুহূর্তমাত্র দেরি হবে না - সেখানে দাঁড়িয়ে এহেন এক আন্তর্জাতিক পুরস্কার কি কিছুটা হলেও আস্থা ফিরিয়ে আনে না, যেখানে গোলার বদলে গোলাপ ফুটবে একদিন? 


আরো একটা পরোক্ষ কারণের কথা এখানে বলা যায়। 


আগেই বলা, নোবেল শান্তি পুরস্কার অত্যন্ত রাজনৈতিক একটি পুরস্কার। এমন এমন রাষ্ট্রনায়কদের এই পুরস্কার দেওয়া হয়েছে, যাঁদের পুরস্কার পাওয়া আদৌ উচিত কিনা, সেটা নিয়ে প্রশ্ন ওঠে। তারমধ্যে যে দুজনের নাম খুবই আসে, তাঁরা দুজনেই মার্কিন - একজন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার, অপরজন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা। 


ব্রিটিশ-মার্কিন লেখক-সাংবাদিক ক্রিস্টোফার হিচেনস তাঁর ‘দ্য ট্রায়াল অফ হেনরি কিসিঙ্গার’ বইতে লিখছেন, কিসিঙ্গারের বিরুদ্ধে তাঁর অভিযোগ কী কী - 


“1. The deliberate mass killing of civilian populations in Indochina.

2. Deliberate collusion in mass murder, and later in assassination, in Bangladesh.

3. The personal suborning and planning of murder, of a senior constitutional officer in a democratic nation Chile - with which the United States was not at war.

4. Personal involvement in a plan to murder the head of state in the democratic nation of Cyprus.

5. The incitement and enabling of genocide in East Timor.

6. Personal involvement in a plan to kidnap and murder a journalist living in Washington, DC.

The above allegations are not exhaustive. And some of them can only be constructed prima facie, since Mr. Kissinger - in what may also amount to a deliberate and premeditated obstruction of justice - has caused large tranches of evidence to be withheld or destroyed.”


গত বছর কিসিঙ্গার মারা যাওয়ার পরে মার্কিন সাংবাদিক স্পেন্সার অ্যাকারম্যান ‘রোলিং স্টোনস’-এ একটি আর্টিকলে লেখেন, 


‘Kissinger maintained his standing in part by savaging the Eastern Establishment from which he emerged. It was not entirely cynical. Kissinger shared with Nixon a contempt for the “defeatism” and “pessimism” of those who flinched at the unsavory Vietnam War they once supported. He rationalized his purges of the National Security Council bureaucracy and his marginalization of the State Department — measures that made him indispensable to foreign policy, and to Nixon — as protecting American power from those who lacked the confidence to wield it. It is revealing that among those who make U.S. foreign policy, Kissinger’s perspective is not considered ideological.’


মন্তব্য নিষ্প্রয়োজন। 


এই কিসিঙ্গারকে ১৯৭৩ সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়, যেটা নিয়ে বিস্তর জলঘোলা হয়। বিশেষ করে এমন এক সময়ে, যখন ভিয়েতনাম যুদ্ধ একেবারে ফুল সুইং-এ চলছে। এই পুরস্কারকে কি আমরা ‘রাজনৈতিক’ বলতে পারিনা?


আবার, কিসিঙ্গারের এক ‘তথাকথিত সমর্থক’, প্রথম মার্কিন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামাও নোবেল পান। নিপাট ভদ্রলোক এক ইমেজ। তবে, কেন এই কাদা ছোঁড়াছুঁড়ি? 


ঠাণ্ডা যুদ্ধ পরবর্তীতে তথাকথিত ‘বোমারু’ রাষ্ট্রপতি হিসেবে আমরা বুশকেই ধরে থাকি। ৯/১১ এর পরে বুশের ঘোষিত ‘গ্লোবাল ওয়ার অন টেরোরিজম’, ইরাক যুদ্ধ, সাদ্দাম হুসেনের বাথিস্ট সরকারের পতন, ‘অপারেশন রেড ডন’ চালিয়ে সাদ্দাম হুসেনকে বাঙ্কার থেকে বের করে আনা ও এক্সিকিউট করা - এসবই আমাদের জানা। কিন্তু, আমরা কিছু স্ট্যাটিসটিক্স ভুলে যাই। কীরকম?


ওবামা তাঁর দুটো প্রেসিডেন্সি মিলিয়ে মোট ৫৬৩টা ড্রোন স্ট্রাইক ঘটান মিডল-ইস্ট, পাকিস্তান মিলিয়ে। বুশ মাত্র ৫৭টা। ওবামার প্রেসিডেন্সির প্রথম বছরে তিনি শুধু পাকিস্তানেই ৫৪টি ড্রোন স্ট্রাইক করান। বহু, বহু সিভিলিয়ান হতাহত হয়। শুধু দুটো বছরে পাকিস্তানেই ১৩০-এর উপর সিভিলিয়ান মারা যায় তাঁর বোমাবাজিতে। ২০১০-১১ সালে ইয়েমেনেও যথেচ্ছ বোমাবর্ষণ করেন তিনি। আফগানিস্তানেও। ডবল-ট্যাপ ড্রোন স্ট্রাইক - যেখানে প্রথম স্ট্রাইকের বেশ কিছুক্ষণ পরে আবার দ্বিতীয় স্ট্রাইক করা হয়, যাতে সিভিলিয়ান, স্বাস্থ্যকর্মী, উদ্ধারকর্মীরাও আহত হন - তাতে ওবামা বিশেষ পারদর্শী ছিলেন। 

ওবামা ২০০৯ সালে নোবেল শান্তি পুরস্কার পান। কিসিঙ্গারের মতো আউটরেজ না হলেও, ওবামার ক্ষেত্রেও নোবেল শান্তি পুরস্কারের ব্যাপারটা খুবই প্রশ্নসাপেক্ষ হয়ে দাঁড়ায়। আবারও, অত্যন্ত রাজনৈতিক একটি সিদ্ধান্ত, বোঝাই যাচ্ছে। 

সমরাপরাধের রক্ত যাঁদের হাতে রয়েছে, তাঁদের নোবেল শান্তি পুরস্কার দেওয়ার মধ্যে যে ভাগ্যের ও সমকালের পরিহাস লুকিয়ে রয়েছে, তারই বিপ্রতীপে দাঁড়িয়ে রয়েছে নিহন হিদানকিও-র নোবেল পাওয়া। একদিকে প্রথম পরমাণু বোমার আঘাত হেনে লক্ষ লক্ষ লোককে হত্যা করা একটা দেশের এমন দুই রাষ্ট্রনায়ক, যাঁদের কীর্তিকলাপ লিখতে বসলে ফুরোবে না - আরেকদিকে এমন এক দেশ, যারা সেই প্রথম পরমাণু বোমার আঘাতে জরাজীর্ণ হয়ে আস্তে আস্তে উঠে দাঁড়িয়েছে। চেষ্টা করেছে, যাতে আর বিশ্বজুড়ে হিবাকুশা কোথাও না থাকে। 

এই বিপ্রতীপ সিদ্ধান্তের মধ্যে নিহিত রয়েছে যে ন্যাচারাল জাস্টিসের সম্ভাবনা, সেটা কি খুবই কষ্টকল্পিত? বিশেষ করে সবাই যখন ‘জাস্টিস’-এর দাবিতে রাস্তায় নামছি?

প্রসঙ্গত, নিহন হিদানকিও, যারা ফিনিক্স পাখির মতো পারমাণবিক ফলআউটের ছাইয়ের থেকে ফের ডানা ঝাপটে ওড়বার শক্তি সঞ্চয় করেছে, তাদের লোগো হচ্ছে একটা ওরিগামির পাখি। :)

Landour Diaries - 1

 After watching Musafir Café, while everyone is busy doing postmortem of the interpersonal relationships between the characters, I was revis...